News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইসির শোকজ

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-18, 10:15pm

tryrye56-326162bcef1da3cd99fc377e8a554b651768752924.jpg

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই অভিযোগে ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ করা হয়েছে।

আজ রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

নাহিদ ইসলামকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, তিনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত ঢাকা–১১ আসনের বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওই আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তাঁর বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ডে ঢাকা–১১ উল্লেখসহ দেশ সংস্কারের গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকার স্লোগান রয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থী।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করা যাবে না। এ কারণে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঠানো পৃথক চিঠিতে বলা হয়েছে, তিনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত ঢাকা–৮ আসনের বৈধ প্রার্থী। ওই আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তাঁর বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী পরিচয় এবং গণভোটে হ্যাঁ বলি—এ ধরনের স্লোগানসংবলিত বিলবোর্ড রিটার্নিং কর্মকর্তার দৃষ্টিগোচর হয়েছে, যা আচরণবিধির লঙ্ঘন।

চিঠিতে একই বিধির উল্লেখ করে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।