News update
  • 17 Bangladeshis Killed in Saudi Arabia Factory Fire     |     
  • BNP Set to Nominate Fakhrul as President Candidate     |     
  • PM Stresses Efficient Use of Power Infrastructure     |     
  • PM Tarique, Modi Are People’s Persons, Says Trivedi     |     
  • Dhaka ranks 15th among world's most polluted cities     |     

আমরা যুবকদের বেকার ভাতা দেব না, কাজ দেব: শফিকুর রহমান

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-24, 6:25pm

fgffree-a91aeef4dcca72f5a137b37ad85fdd091769257513.jpg




বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা দেব না, বেকার ভাতা বেকার তৈরির কারখানা হবে। তাই আমরা যুবকদের কাজ দেব। যুবকদের দক্ষ করে জনসম্পদে রূপান্তর করব। 

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে জামাত আমীর বলেন, উত্তরবঙ্গকে তিলে তিলে হত্যা করা হয়েছে। এখনো এই অঞ্চল থেকে মানুষ ছুটে যায় রাজধানীর দিকে। তিনটি বাস্তব প্রয়োজনে ছোটেন তারা। উন্নত শিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ছোট্ট একটা চাকরি।

শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় হবে, সেখানে গাইবান্ধা জেলাকেই অগ্রাধিকার দেওয়া হবে। আমরা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী করতে চাই। ইপিজেড করতে চাই। মরা নদীগুলোকে সচল করতে চাই। নদীগুলো সচল হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের অনেক নেতৃবৃন্দ জেল খেটেছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন হাসতে হাসতে। প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা যাইনি, আমরা ছিলাম। জীবনের সম্পদের, ইজ্জতের ঝুঁকি নিয়ে বাংলাদেশের সাথে ছিলাম। কেন ছিলাম, কারণ এই দেশের মাটিটাকে বড় ভালোবাসি। হে মাটি তোমাকে ফেলে যাবো না। কিন্তু শুধুমাত্র জালিমের ভয়ে দেশ থেকে পালিয়ে যাব তা করব না।

তিনি বলেন, আমরা যদি সময়ের কোকিল হই, তাহলে সময় যখন আসবে, তখন এসে আপনাদেরকে গান শোনাবো কুহু কুহু। সময় যখন চলে যাবে, ডানা মেলে তখন আমরা উড়ে যাব। আর যদি আমরা আপনাদের একজন হই, কোথায় যাব আপনজন ফেলে। যাবো না ইনশাআল্লাহ এখানেই থাকবো। শিশুদের জন্য মেধা বিকাশের একটি বাংলাদেশ গড়তে চাই।

জনসভায় সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমীর আবদুর রহিম সরকার, গাইবান্ধা-২ ( সদর) আসনের জামায়াতের প্রাথী ও জেলা জামায়াতের আমীর মো. আবদুর করিম, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাজেদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।