News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-07-19, 7:14pm

retretretery-be17575dc035996f015676a8a496cf1f1784466874.jpg




চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। এইচএসসি পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক জটিলতায় ফলাফল প্রস্তুতের কাজ সময়মতো শেষ করতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহেই এই ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

শনিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য করেছেন।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এইচএসসি নিয়ে নানাবিধ জটিলতার কারণে আমরা যথাসময়ে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করতে পারিনি। তবে আমরা চলতি মাসের শেষের দিকেই ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে দ্রুততম সময়ে কাজ শেষ করতে বোর্ড কর্মকর্তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বোর্ডগুলোকে সেই অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২০ জুলাই) ফল প্রকাশ হচ্ছে না।

সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ রয়েছে। এ বছর ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সেই হিসাবে জুলাইয়ের ২০ তারিখের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা ধরা হলেও এইচএসসি পরীক্ষার প্রশাসনিক ব্যস্ততা ও জটিলতার কারণে এই সময়সীমা রক্ষা করা সম্ভব হয়নি।

চলতি বছর এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের বাকি প্রস্তুতি দ্রুত শেষ করতে কাজ চলছে। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই জুলাইয়ের শেষ সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।