
Continuous erosion threatens Kuakata Beach
কলাপাড়া (পটুয়াখালী): সমুদ্রের অব্যাহত ভাঙনে ক্রমশ: ঝূঁকিপূর্ন হয়ে পড়েছে কুয়াকাটা সৈকত রক্ষা বাঁধ। সমুদ্রের এমন রুদ্র রোষে কুয়াকাটা শহর রক্ষায় নির্মিত বেড়িবাঁধের সিসি (কংক্রিট) ব্লক সরে পড়ায় বাঁধটি ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুরক্ষা অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই এর বিভিন্ন অংশ ঝূঁকির মুখে পড়েছে।
জানা যায়, কুয়াকাটা চৌরাস্তা থেকে লেম্বুর বন পর্যন্ত কয়েকটি স্থানে সিসি ব্লকের নিচ থেকে মাটি ও বালু সরে গিয়ে বেড়িবাঁধটি ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন সানসেট পয়েন্ট এবং আশিঘর এলাকার অর্কা পল্লীর পাশের অংশে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক।
এলাকাবাসী ও পর্যটন সংশ্লিষ্টরা বলেন, কেবল সিসি ব্লক স্থাপন করে কুয়াকাটা রক্ষা বাঁধটি দীর্ঘমেয়াদে রক্ষা করা সম্ভব নয়। আন্ধারমানিক ও রাবনাবাদ নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের পাশাপাশি কার্যকর গ্রোয়েন বাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যাবে।
স্থানীয় সংবাদ কর্মী আনোয়ার হোসেন আনুর দাবি, উপকূলীয় এই পর্যটনকেন্দ্র রক্ষায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ না করলে সমুদ্রভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে, যা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, 'কুয়াকাটা সৈকতের ১১ দশমিক ২ কিলোমিটার এলাকায় প্রায় ৭৫৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত এবং ভাঙন প্রতিরোধে বিকল্প পরিকল্পনা নিয়েও কাজ চলছে।' - গোফরান পলাশ