News update
  • Winter setting in northern districts; cold-related illnesses rise     |     
  • Eisenkot Vows to Reverse Netanyahu's Policies     |     
  • World Leaders Begin COP31 Talks Amid Climate Concerns     |     
  • COP31: Bangladesh Calls for Grants to Ensure Climate Justice     |     
  • Bangladesh, Türkiye Leaders Hold Bilateral Talks     |     

হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-11-11, 1:48pm

img_20261111_134833-2617fbe41f50cd26c34580acd4db01871794383334.jpg




প্রথমবারের মতো বাংলাদেশের কোনো আলোকচিত্রী হিসেবে পিনু রহমান জিতেছেন হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার। এই পুরস্কারের ১৫তম আসরে ‘ফ্যামিলি’ (পরিবার) থিমে গ্র্যান্ড পুরস্কার জয় করেছেন বাংলাদেশের এই শৌখিন আলোকচিত্রী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার সর্বোচ্চ পুরস্কার এটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় রাত আটটার দিকে দুবাই ফিউচার মিউজিয়ামে অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।

‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন পিনু রহমান। আলোকচিত্রে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন এক পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি, সম্পদ কিংবা আশ্রয় হারিয়ে গেলেও পরিবারের বন্ধন ও ভালোবাসা যে অটুট থাকে, সেই মানবিক বার্তাই ছবির মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

পিনু রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন তিনি।

হিপা গ্র্যান্ড পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, আজ সকাল থেকে পুরো বাংলাদেশ আমার হয়ে কথা বলছে। এক জীবনে এর থেকে আর বড় কি প্রাপ্তি হতে পারে! বাংলাদেশের আলোকচিত্রী ভাই/বোনদের বিশেষ ধন্যবাদ জানান পিনু রহমান।

হিপা গ্র্যান্ড পুরস্কারের মঞ্চে পিনু রহমান 

এ বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি জোটে পিনু রহমানের। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হন তিনি। এছাড়া, ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের আলোকচিত্রের জন্য পান প্রথম পুরস্কার। একই আসরে সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শীর্ষক আলোকচিত্রের জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পান তিনি।

এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এছাড়া বিভিন্ন আসরে আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী নানা বিভাগে পুরস্কৃত হয়েছেন। তবে পিনু রহমানের এই ‘গ্র্যান্ড পুরস্কার’ অর্জনের মধ্য দিয়ে আবারও স্বীকৃতি পেল বাংলাদেশের আলোকচিত্র।