News update
  • 11-Party Alliance Begins Dhaka-Rangpur Long March     |     
  • Iran claims it hit an oil tanker in the Strait of Hormuz     |     
  • Dhaka Air Quality Unhealthy for Sensitive Groups Saturday     |     
  • Trump signs bill extending Iran sanctions to 2031     |     
  • Bangladesh officially enters global nuclear energy community     |     

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-28, 8:34am

img_20260628_083247-c5ef708347bc458ca6015eee2e68abda1782614066.jpg




ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ক্রোয়েশিয়া। তবে ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে লুকা মদ্রিচের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে ২০১৮ সালের রানার্সআপরা। 

এতে গ্রুপের রানারআপ হিসেবে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে ক্রোয়াটরা। যেখানে তারা লড়াই করবে রোনালদোর পর্তুগালের বিপক্ষে। এদিকে ম্যাচ হারলেও নকআউট পর্ব নিশ্চিত হয়েছে ঘানার।

রোববার (২৮ জুন) ভোরে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। বলের দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া, তবে ঘানাও পাল্টা আক্রমণে বারবার হুমকি তৈরি করে। টানটান লড়াইয়ের মাঝে ৩০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় ইউরোপের দলটি। 

পিটার সুচিচের শট জালে জড়ালেও সহকারী রেফারির সংকেতের পর ভিএআর পরীক্ষা করা হয়। শেষ পর্যন্ত ৩১তম মিনিটে গোলের বৈধতা নিশ্চিত করেন রেফারি। বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ঘানা। 

সেই প্রচেষ্টার ফল আসে ৭৩তম মিনিটে। আর্নেস্ট নুয়ামাহর ফ্রি কিক থেকে বক্সের ভেতরে ডেরিক লুকাসেন দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বহাল রাখা হয়।

সমতা ফিরিয়ে ঘানা যখন ম্যাচে ফেরার স্বপ্ন দেখছে, তখনই পাল্টা আঘাত হানে ক্রোয়েশিয়া। ৮৩তম মিনিটে নিকোলা ভ্লাসিচ দারুণ এক ফিনিশে দলকে আবারও এগিয়ে দেন। শেষ সময় ঘানার একাধিক চেষ্টা ব্যর্থ হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

এই জয়ে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে পা রাখল মদ্রিচের দল। অপরদিকে, ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে সেরা আটের তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে খেলবে ঘানা।