
ফুটবল মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বাকবিতণ্ডা নতুন কিছু নয়। উত্তপ্ত পরিস্থিতিতে অনেক সময় মুখ ঢেকে কথা বলতে দেখা যায় ফুটবলারদের। তবে এমন আচরণের কারণেই এবার শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলের তারকা নেইমার। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় হাত দিয়ে মুখ আড়াল করায় তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি।
ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ লঙ্ঘনের অভিযোগে নেইমারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে শাস্তি ঘোষণা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমারের ক্লাব সান্তোসের।
ঘটনাটি ঘটে ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচে। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নেইমার। একপর্যায়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে কথা বলেন তিনি। এ সময় ‘ভিনি জুনিয়র আইন’ নামে পরিচিত নিয়ম প্রয়োগ করে নেইমারকে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচের রেফারি।
লাল কার্ড দেখার পরও পরিস্থিতি শান্ত হয়নি। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, নেস্তরের সঙ্গে ফের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে এগিয়ে যান নেইমার। তাঁর এই আচরণে মাঠে উত্তেজনা আরও বেড়ে যায়।
এ ঘটনার পর ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করাকে এই ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। শৃঙ্খলা কমিটির মতে, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে উল্লেখিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’-এর ৭ নম্বর বিধানের পরিপন্থী। বর্ণবাদী মন্তব্য কিংবা আপত্তিকর বক্তব্য আড়াল করে বলার প্রবণতা রোধ করতেই মূলত এই নিয়ম চালু করা হয়েছে।
আগের লাল কার্ডের কারণে নেইমারের শাস্তির পরিমাণ আরও বেড়েছে। সরাসরি লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী একটি ম্যাচে নিষিদ্ধ হওয়ার কথা ছিল তার। এর সঙ্গে নতুন করে দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা যুক্ত হওয়ায় সান্তোসের হয়ে টানা তিনটি ম্যাচে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।
এই নিষেধাজ্ঞার কারণে নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পরও একটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। তবে সবকিছু পরিকল্পনামতো এগোলে লিগের শেষ তিন রাউন্ডে তাকে আবারও দলে পেতে পারেন সান্তোসের কোচ কুকা।