News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

সার্বিয়াকে কঠিন শাস্তি দিতে যাচ্ছে ফিফা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-27, 9:06am




মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে ২-০ গোলে হার মানে সার্বিয়া। যার ফলে বিশ্বকাপে টিকে থাকার মিশনে বেশ চাপে রয়েছে দলটি। তবে এরই মধ্যে নিজেদের ড্রেসিং রুমে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসেছেন সার্বিয়ান খেলোয়াড়রা। যার কারণে এবার ইউরোপের দেশটিকে কঠিন শাস্তি দিতে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ঘটনার সূত্রপাত, ব্রাজিলের বিপক্ষে ম্যাচের দিন সার্বিয়ান খেলোয়াড়রা নিজেদের ড্রেসিং রুমে তাদের পার্শ্ববর্তী দেশ কসোভোর মানচিত্রের পুরোটা সার্বিয়ার পতাকা দিয়ে ঢেকে দেন। সেই সঙ্গে ‘নো সারেন্ডার’ সম্বলিত একটি লেখা টাঙ্গিয়ে দেন। কসোভোও যেহেতু ফিফার সদস্যভুক্ত দেশ, যার কারণে এই শাস্তির মুখোমুখি পড়তে যাচ্ছে দলটি।

এদিকে গত শুক্রবার (২৫ নভেম্বর) কসোভো ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে। যেখানে তারা সার্বিয়ান ফুটবলারদের এমন কর্মকাণ্ডকে ‘উগ্র জাতীয়তাবাদী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ‘ফুটবলে এমন উগ্র জাতীয়তাবাদী কর্মকাণ্ড কখনোই আমরা কাম্য করি না। বিশ্বকাপের মত বড় মঞ্চে একদমই এটা আশা করিনি। আমরা তাদের শাস্তি কামনা করছি। যাতে করে এমন কাজ তারা আর না করতে পারে।’

ইউরোপ অঞ্চলের ক্ষুদ্রতম একটি দেশ কসোভো। দেশটি ২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। তবে সার্বিয়ানদের এমন কর্মকাণ্ড দুই দেশের ভেতর বিগত ২৩ বছর আগের বিরাজমান অস্থিরতাকে আরও উষ্কে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বাধীনতা লাভের পর ২০১৬ সালে ফিফা ও উয়েফার পূর্ণ সদস্যপদ পায় কসোভো। কিন্তু দেশ দুটি কখনোই বিশ্বকাপের বাছাইপর্ব এক গ্রুপে খেলতে পারে না।

এদিকে ফিফার শৃঙ্খলাজনিত আইনের ১১ নং অনুচ্ছেদে ফুটবল মাঠে উগ্রজাতীয়তাবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর থাকার কথা বলা হয়েছে। ফলে সার্বিয়ান ফুটবলাররা যে বেশ শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে তা বলাই যায়। তথ্য সূত্র আরটিভি নিউজ।