News update
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     
  • UK All-Party Parliamentary Group on BD Meets Humaiun Kobir     |     
  • World Bank Keeps Bangladesh FY27 Growth Forecast at 3.4%     |     

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয় : শিক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বইপত্র 2026-10-06, 6:29pm

img_20261006_182615-5d695d3b67dd7557f3d790327623af2d1791289759.jpg




২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

আ ন ম এহসানুল হক মিলন আরও বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। শিক্ষার্থীদের প্রয়োজন ও সময়ের চাহিদা বিবেচনায় নিয়ে ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জন করা হবে। প্রয়োজন অনুযায়ী নতুন বইও যুক্ত করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো কম। সরকার অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

মাহ্দী আমিন আরও বলেন, বর্তমান সংকট বৈশ্বিক। সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এ সমস্যার সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।