News update
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     
  • Fugitives can’t be brought back from Delhi through violence: Kobir     |     
  • ICJ asks Myanmar: cease violations, prosecute perpetrators, take back-compensate Rohingya     |     
  • Dhaka Ranks 13th Among World's Most Polluted Cities on Friday     |     

শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা

গ্রীণওয়াচ ডেস্ক বন্যপ্রানী 2026-11-17, 7:37am

img_20261117_073544-e0e7223475569532a3e5633107cedc0e1794879444.jpg




শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে আমন ধান পাকতে শুরু করলেও হাতির পালের আক্রমণের ভয়ে পুরোপুরি পাকার আগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন তারা। এতে একদিকে যেমন ফসলের কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, অন্যদিকে জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতায় দিন কাটছে সীমান্তবাসীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় এবারও আমন ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধান পাকতে শুরু করেছে। কিন্তু সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে ও ধানখেতে নেমে আসছে বন্যহাতির পাল। ইতোমধ্যে কয়েক দফায় ফসলি জমিতে হানা দিয়ে ধান খেয়ে ও পায়ের নিচে মাড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে হাতির দল।

ফসল রক্ষায় জমির পাশে অস্থায়ী টংঘর তৈরি করে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা। হাতি তাড়াতে টিন পেটানো, চিৎকার ও মশাল জ্বালিয়ে চেষ্টা চালানো হচ্ছে। তবে বর্তমান বাজারে কেরোসিন তেলের বাড়তি দামের কারণে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকেরা জানান, সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখার চেয়ে লোকসান মেনে নিয়ে আধাপাকা ধান কেটে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই।

এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন জানান, বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণে বনের বিভিন্ন পয়েন্টে আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে নানা সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মতে, একদিকে বন্যহাতির বিচরণক্ষেত্র, অন্যদিকে মানুষের বসতি ও কৃষিজমি— এই দুইয়ের সংঘাতের মাশুল দিতে হচ্ছে সাধারণ কৃষকদের। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি কৃষকের ফসল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের কাছে স্থায়ী ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।