
Hanuman beaten to death in Patuakhali.
পটুয়াখালী: পটুয়াখালীতে মুখপোড়া হনুমানকে পিটিয়ে হত্যা করে মাটি চাপা দেয়ার অভিযোগ উঠেছে সিদ্দিক খানসহ কতিপয় ব্যাক্তির বিরুদ্ধে । এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমী সংগঠন এনিমেল লাভারস্ অব পটুয়াখালী।
শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন উত্তর আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাছ থেকে হনুমানটি মাটিতে নামতেই সিদ্দিক খানসহ ৩/৪ জন মিলে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে হনুমানটিকে।
পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি বলেন, হনুমানের খবর পেয়ে শুক্রবার সকালে ওই এলাকায় বন বিভাগের লোক পাঠানো হয়। এলাকার লোকজনকে সচেতন করা হয়েছে মে হনুমান মানুষের কোন ক্ষতি করবে না। বিকালে বন বিভাগের লোক ওই এলাকা ত্যাগ করার পরে কয়েকজনে মিলে হনুমানটিকে পিটিয়ে হত্যা করে মাটি চাপা দিয়ে দেয় । পরে আমারা গিয়ে মৃত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে আসি। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এনিমেল লাভারস্ অব পটুয়াখালী সংগঠনের সদস্য আহসানউল্লাহ হাসান মুছা ক্ষোভ প্রকাশ করে বলেন, হনুমানটি পটুয়াখালীতে এসেছে বেশ কিছু দিন আগে। এটি মানুষের কোন ক্ষতি করেনি, খুবই শান্ত ছিলো । শুক্রবার বিকালে সিদ্দিক খানসহ কয়েকজনে মিলে হনুমানটিকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে ভবিষ্যতে এরকম ঘটনা আরও ঘটবে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, ওই এলাকার একটি বাসায় হনুমানটি ঢুকে একটি বাচ্চাকে আঘাত করে। পরে ওই বাচ্চার মায়ের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়। এসময় যেকোন এক ব্যক্তির লাঠির আঘাতে হনুমানটি মারা যায়। পরে বনবিভাগের লোকজনকে খবর দেয়া হয়েছে । - গোফরান পলাশ