News update
  • PM Calls for Integrated Urban Planning on Water Management     |     
  • Bangladesh Offers Japan Gateway to $3bn Regional Market     |     
  • Monsoon-driven waves main cause erosion in Ganges-Brahmaputra-Meghna Delta      |     
  • 25 Workers killed in Sikkim Teesta Tunnel Disaster     |     
  • Mothers still lack support to breastfeed, UN warns     |     

বাংলাদেশ-তাজিকিস্তান বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বারোপ

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-07-09, 9:14am

img_20260709_091146-20611aa18c2d1f2389673c2d9d1282591783566865.jpg




বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো, ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সিআইএস-বিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে সফররত তাজিকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দারের সঙ্গে সিআইএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) সভাপতি যাদব দেবনাথ ও পরিচালনা পর্ষদের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি, ব্যবসায়িক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

তাজিক প্রতিনিধিদল বাংলাদেশ থেকে আমদানি বাড়ানো, যৌথ উদ্যোগ সম্প্রসারণ এবং ব্যবসায়িক সহযোগিতা ও বিনিয়োগ সহজতর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে সিআইএস-বিসিসিআই সভাপতি যাদব দেবনাথ বলেন, বাংলাদেশে সিআইএস-বিসিসিআই একমাত্র চেম্বার, যা বাংলাদেশ ও সিআইএসভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। 

তিনি পর্যটন, ওষুধশিল্প, পাট ও পাটজাত পণ্য, হসপিটালিটি, জ্বালানি, তুলা এবং কৃষিজাত প্রক্রিয়াজাত পণ্যের খাতে তাজিকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারে চেম্বারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করতে সিআইএস-বিসিসিআই কয়েকটি প্রস্তাব উপস্থাপন করে। এর মধ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সহজ, দ্রুত ও ব্যবসাবান্ধব ই-ভিসা সুবিধা চালুর অনুরোধ, বাংলাদেশে তাজিকিস্তানের ব্যাংকগুলোর শাখা বা প্রতিনিধি কার্যালয় স্থাপনের মাধ্যমে ব্যাংকিং সংযোগ জোরদার এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব উল্লেখযোগ্য। 

সংশ্লিষ্টরা মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এ ছাড়া প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়, বাণিজ্যিক তথ্য আদান-প্রদান এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে সিআইএস-বিসিসিআই এবং তাজিকিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়।

বৈঠক শেষে উভয় দেশ ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে। উভয় পক্ষ আশা প্রকাশ করে, আলোচনায় গৃহীত উদ্যোগগুলো বাংলাদেশ ও তাজিকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও সুসংহত করবে।

এ সময় তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাজিকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। 

সিআইএস-বিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি তৌহিদা সুলতানা, উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু ও এম এস সিদ্দিকীসহ পরিচালনা পর্ষদের সদস্যরাও বৈঠকে অংশ নেন। সূত্র: বাসস