News update
  • US Proposes New Tariffs on Bangladesh, 13 Other Economies     |     
  • India Reviewing Bangladesh’s Request to Extradite Hasina     |     
  • Adani's 800MW Power Unit to Remain Shut for 25 Days     |     
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     

বাংলাদেশসহ বাণিজ্যিক অংশীদারদের ওপর ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-11-25, 10:01pm

shulk_thaamb-ad9dc5c39fcbe6e0ffd3d800f1abb1a41795622467.jpg




কথিত অতিরিক্ত উৎপাদনের বিষয়ে কয়েক মাস ধরে চলা অনুসন্ধানের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং চীনসহ ১৪টি অর্থনীতির ওপর প্রস্তাবিত শুল্কের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বাণিজ্য সম্পর্ক নতুন করে সাজাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটিই সর্বশেষ পদক্ষেপ। খবর এএফপির।

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, এই অর্থনীতিগুলো ‘চাহিদা এবং বাজার নীতির বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে উৎপাদন ও সক্ষমতা বাড়াচ্ছে’—এমন অভিযোগের ভিত্তিতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

নতুন এই শুল্ক কার্যকর হওয়ার আগে জনমত গ্রহণের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে; ওই কর্মকর্তা আরও যোগ করেন যে, প্রস্তাবগুলোতে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

নতুন এই শুল্কের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের কয়েকটি রয়েছে, যার মধ্যে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম অন্তর্ভুক্ত।

মার্কিন ওই কর্মকর্তা বিশেষভাবে চীনের কথা উল্লেখ করেন, যাদের জন্য ২০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে—যা যেকোনো অর্থনীতির জন্য যৌথভাবে সর্বোচ্চ।

একটি পৃথক ঘোষণায় মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক উদ্বেগ নিরসনে কথিত নিষ্ক্রিয়তার অভিযোগে উড়োজাহাজসহ ব্রাজিলের পণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে।

ট্রাম্পের এই শুল্ক ওয়াশিংটনের মিত্র এবং প্রতিদ্বন্দ্বী উভয়কেই লক্ষ্যবস্তু করেছে এবং দেশগুলোকে মার্কিন পণ্য কিনতে বা যুক্তরাষ্ট্রে তাদের পণ্য উৎপাদন করতে বাধ্য করার মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য পুনর্গঠনের তাঁর দ্বিতীয় মেয়াদের প্রচেষ্টার অংশ এটি।

সর্বশেষ এই পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের সাথে পূর্বে শুল্ক চুক্তিতে স্বাক্ষরকারী অংশীদারদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এলেও, আগামী ডিসেম্বরে মিয়ামিতে জি২০ নেতাদের সম্মেলনের আয়োজক হিসেবে মার্কিন প্রেসিডেন্ট যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন এটি উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।

এ বিষয়ে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘জি২০ শীর্ষ সম্মেলনে এটি কোনো উত্তেজনা বা তিক্ততা তৈরি করবে বলে আমরা মনে করি না। বরং আমরা আশা করছি যে, এই ঘোষণার প্রেক্ষিতে জি২০ সম্মেলনে আমরা আরও বেশি চুক্তিতে স্বাক্ষর করতে পারব।’

মূল্যস্ফীতির চাপ

ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ব্যাটারি থেকে শুরু করে সিমেন্ট, রাসায়নিক এবং প্রক্রিয়াজাত খাদ্য—বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা সংক্রান্ত উদ্বেগ প্রভাব ফেলছে।

আগের শুল্কের কারণে ইতিমধ্যেই চাপে থাকা মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর এই শুল্ক আরও বাড়তি চাপ সৃষ্টি করতে পারে; ফলে জীবনযাত্রার উচ্চ ব্যয়ে এমনিতেই হতাশ ভোক্তাদের ওপর প্রতিষ্ঠানগুলো এখন এই বাড়তি খরচ চাপিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি।

সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে জীবনযাত্রার ব্যয় সামর্থ্যের মধ্যে থাকা একটি প্রধান ইস্যু ছিল। এই নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

ইরানের সাথে ট্রাম্পের যুদ্ধ, শুল্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিশাল বিনিয়োগের জোয়ারের প্রভাবে দাম বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি বার্ষিক হিসাবে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে, যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রায় রাখার দায়িত্বে থাকা মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকরা বলছেন যে, ট্রাম্পের আগের দফার শুল্কের অধিকাংশ মূল্য প্রভাব ইতিমধ্যেই অর্থনীতিতে পড়ে গেছে—তবে নতুন যেকোনো শুল্ক পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে।

জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, নতুন শুল্কগুলো খুব তাড়াতাড়ি হলেও আগামী জানুয়ারিতে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদনের বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর গত মার্চে যে অনুসন্ধান শুরু করেছিল, তার পরপরই ট্রাম্পের এই সর্বশেষ শুল্কের ঘোষণা এল।

উদ্বেগের বিষয় ছিল যে, অন্যান্য দেশ ‘অযৌক্তিক বা বৈষম্যমূলক’ বলে বিবেচিত কোনো পদক্ষেপ নিচ্ছে কি না এবং তা মার্কিন বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে কি না।

হোয়াইট হাউস যে আইনের উদ্ধৃতি দিয়েছিল তা ব্যবহার করে শুল্ক আরোপের এখতিয়ার প্রেসিডেন্টের নেই—এই মর্মে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের পূর্ববর্তী একগুচ্ছ শুল্ক বাতিল করে দেওয়ার কয়েক দিন পরই এই অনুসন্ধান শুরু হয়েছিল।

তীব্র প্রতিক্রিয়ার আশঙ্কা

এ প্রসঙ্গে বাণিজ্য আইনজীবী রায়ান মাজেরাস বলেন, তিনি আশা করছেন এই তদন্তটি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি হবে; কারণ এর পেছনে মূল উদ্বেগ হলো বিদেশে অতিরিক্ত সক্ষমতাসম্পন্ন কারখানাগুলো চালু হয় এবং চাহিদা না থাকলেও সেগুলো কখনো বন্ধ করা হয় না। তিনি আরও যোগ করেন, এর ফলে পণ্যের অতিরিক্ত সরবরাহ তৈরি হতে পারে, দাম কমে যেতে পারে এবং মার্কিন উৎপাদন খাত শূন্য বা দুর্বল হয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত চীন ও অন্যান্য দেশগুলোর কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে পারে; বেইজিং দীর্ঘদিন ধরেই এই সমালোচনা প্রত্যাখ্যান করে আসছে যে তারা অর্থনীতি চাঙ্গা করতে রপ্তানির ওপর অতিরিক্ত নির্ভরশীল।

মার্কিন সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করে দিলেও, তাঁর খাতভিত্তিক শুল্কগুলো বহাল রয়েছে।

জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, অটোমোবাইল এবং ইস্পাতের মতো পণ্যের ওপর থাকা ওই খাতভিত্তিক শুল্কগুলোর সাথে নতুন এই শুল্কগুলো যুক্ত হবে না।

গত জুলাইয়ে ট্রাম্প জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে অপর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার অভিযোগে ৬০টি অর্থনীতির ওপর আলাদাভাবে এক দফা শুল্ক আরোপ করেছিলেন।

মার্কিন কর্মকর্তা বলেন, যেসব অর্থনীতি জোরপূর্বক শ্রম এবং অতিরিক্ত উৎপাদন—উভয় শুল্কের মুখোমুখি হবে, তাদের ক্ষেত্রে শুল্কগুলো একসাথে যোগ হবে না। বরং দুটির মধ্যে যে হারটি বেশি, সেটিই কার্যকর হবে।