
যুক্তরাষ্ট্রের ধনকুবের ও ই-কমার্স সংস্থা অ্যামাজনের মালিক জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর সিএনএনের।
প্রতিবেদন মতে, গত বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে ‘হট-ফায়ার টেস্ট’-এর সময় আচমকা প্রযুক্তিগত ত্রুটির জেরে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় গোটা লঞ্চপ্যাড। যদিও ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটির একটি ভিডিও এরই মধ্যেই সামনে এসেছে।
আরেক ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতায় নামা ব্লু অরিজিনের জন্য এটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। পুনর্ব্যবহারযোগ্য এই হেভি-লিফ্ট রকেট ভবিষ্যতের চন্দ্র অভিযান ও নাসার আর্টেমিস প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার কথা ছিল। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
মহাকাশে মানুষের থাকার জন্য ‘স্পেস কলোনি’ বানানোর উদ্দেশ্যে ২০০০ সালে ব্লু অরিজিন সংস্থার সূচনা করেন বেজোস। মহাকাশ পর্যটন-সহ বহু পরিকল্পনা রয়েছে তার। আপাতত প্রচুর ওজন সমেত মহাকাশে যেতে পারে, ‘নিউ গ্লেন’ নামে এমন এক রকেট তৈরি করেছে সংস্থাটি।
কিন্তু পরীক্ষামূলক উড়ানের সময় বৃহস্পতিবার বিস্ফোরিত হয় রকেট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে পোস্ট করা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘আজকের হটফায়ার পরীক্ষার সময় আমরা একটি অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তবে কোনো কর্মী আহত হননি। সকল কর্মীর খোঁজ পাওয়া গিয়েছে।’
ব্লু অরিজিনের প্রতিদ্বন্দ্বী সংস্থা স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে একে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন।
ভাইরাল ভিডিওতেয় দেখা গেছে, ৯৮ মিটার (৩২১ ফুট) লম্বা রকেটটির নীচে থেকে ধোঁয়া বার হচ্ছে। এরপর সেটা দাউদাউ করে জ্বলছে। একটি বিশাল অগ্নিগোলকে পরিণত হয়ে রকেটটি বিস্ফোরিত হয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, আগুন ও কালো ধোঁয়া আকাশের অনেক দূর পর্যন্ত উঠে যায়।
ভিডিওটি পোস্ট করা হয় ‘ওপেন সোর্স ইন্টেল’-এর এক্স হ্যান্ডল থেকে। এরই মধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। ভিডিওটি দেখার পর ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
বিস্ফোরণটি ধনকুবের বেজোসের মালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থাটির জন্য বড় ধাক্কা। কারণ ‘নিউ গ্লেন’ রকেটটি এই সংস্থার মহাকাশ জয় সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত মাসেও ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেট একটি উপগ্রহকে সঠিক কক্ষপথে পৌঁছে দেয়ার অভিযানে ব্যর্থ হয়েছিল। তা নিয়ে তদন্তও শুরু হয়েছে।
তার মধ্যেই বৃহস্পতিবার আরও এক বার ধাক্কা খেল সংস্থাটি। বিস্ফোরণের কিছু ক্ষণ পরেই এক্স-এ বেজোস বলেন, ‘বিস্ফোরণের মূল কারণ জানতে অনেক দেরি আছে। কিন্তু আমরা তা খুঁজে বার করার কাজ ইতিমধ্যেই শুরু করেছি। খুবই কঠিন একটি দিন, কিন্তু যা কিছু পুনর্নির্মাণের প্রয়োজন, আমরা তা পুনর্নির্মাণ করব এবং আবার উড়ান শুরু করব। এর জন্য কষ্ট করাটা সার্থক হবে।’