News update
  • PM seeks to make Bangladesh a reliable brand in global livestock market     |     
  • Türk warns of increased risk of atrocity crimes on Palestinians     |     
  • ADB Approves $150m Loan for Water Services in Eight Towns     |     
  • Oil Prices Rise Amid Houthi Attack Claim, Hormuz Fears     |     
  • At Least 30 Killed in Fuel Tanker Fire on Egypt Highway     |     

রবির ডেটা নেতৃত্বকে আরও সুদৃঢ় করার পথে এক মাইলফলক অর্জন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-11-26, 9:30pm

img_20261126_212804-3c828a75c4eaa4e7391b72cfaae140181795707055.jpg




দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি দেশজুড়ে তাদের ফোরজি সাইটের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে দেশের মোট জনসংখ্যার ৯৯ শতাংশ এখন রবির ফোরজি নেটওয়ার্কের আওতায় এসেছে। এই অর্জনের মধ্য দিয়ে দেশের ডেটা সেবা খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল প্রতিষ্ঠানটি। একই সঙ্গে শহর, মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের কোটি গ্রাহকের জন্য দ্রুতগতির মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত হলো।

রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মাইলফলক উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক এবং রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। এ সময় বিটিআরসি ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রবির এই নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে আধা-শহর, গ্রামীণ জনপদ, পার্বত্য অঞ্চল এবং দুর্গম এলাকাতেও ফোরজি সংযোগ পৌঁছেছে। এর মাধ্যমে আরও বেশি মানুষ শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা, আর্থিক লেনদেন ও বিনোদনের জন্য দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি ক্রমবর্ধমান ডেটা ব্যবহারের চাহিদা সামাল দিতে নেটওয়ার্ক আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং ইন্টারনেটের গতি উন্নয়নে বিনিয়োগ করেছে রবি।

দেশের বিভিন্ন প্রান্তে ফোরজি সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ডিজিটাল বৈষম্য কমাতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এর ফলে শিক্ষার্থী, উদ্যোক্তা, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ পরিবারগুলো অনলাইন শিক্ষা, টেলিমেডিসিন, মোবাইল আর্থিক সেবাসহ বিভিন্ন ডিজিটাল সুবিধা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন,“ ২০ হাজার সাইটের মাইলফলক অর্জনের জন্য রবিকে অভিনন্দন। তবে আমি এটিকে শুধু একটি সংখ্যাগত অর্জন হিসেবে দেখি না। এটি বাংলাদেশের প্রতি রবির দীর্ঘমেয়াদি অঙ্গীকার, দেশের সম্ভাবনার প্রতি তাদের আস্থা এবং এই বাজারের ভবিষ্যতের প্রতি তাদের বিশ্বাসের প্রতিফলন। এ ধরনের অব্যাহত বিনিয়োগ বাংলাদেশের প্রতি টেলিযোগাযোগ শিল্পের আস্থার একটি শক্তিশালী প্রমাণ।“

বাংলাদেশ বিশ্বের সপ্তম বৃহত্তম মোবাইল বাজার উল্লেখ করে রেহান আসিফ আসাদ বলেন "এখন আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হলো এই বিশাল বাজারকে মানসম্মত সেবা, উচ্চগতির সংযোগ এবং বিশ্বমানের ডিজিটাল কানেক্টিভিটিতে রূপান্তর করা। নেটওয়ার্ক অবকাঠামো, স্পেকট্রাম, প্রযুক্তি এবং সংযোগে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত থাকলে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বৈশ্বিক ডেটা গতির সূচকে বাংলাদেশের অবস্থান বর্তমান প্রায় ৮২তম স্থান থেকে উন্নীত হয়ে বিশ্বের শীর্ষ সাত বা আট দেশের মধ্যে পৌঁছাতে পারে। তবে এর জন্য পুরো শিল্পখাতের প্রতিশ্রুতি ও বিনিয়োগের পাশাপাশি সহায়ক নীতিমালা ও নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে হবে।

আমরা সত্যিকার অর্থে কানেকটেড দেশ গড়ে তুলতে এবং বাংলাদেশকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডিজিটাল অর্থনীতিতে রূপান্তর করতে কাজ করছি। আমাদের এই ভিশনের ভিত্তি হলো একটি সমন্বিত ডিজিটাল পরিচয় ব্যবস্থা, বহুমাত্রিক সরকারি ডিজিটাল অবকাঠামো, উন্নত এআই সক্ষমতা, এআই-সমর্থিত ডেটা সেন্টার এবং শক্তিশালী কানেক্টিভিটি ব্যাকবোন।

এই লক্ষ্য অর্জনের জন্য পুরো ইকোসিস্টেমজুড়ে দৃঢ় সহযোগিতা প্রয়োজন, যেখানে রবির মতো টেলিযোগাযোগ অপারেটররা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং দেশব্যাপী সংযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইভাবে, এই রূপান্তরকে এগিয়ে নিতে প্রগতিশীল ও ভবিষ্যতমুখী নিয়ন্ত্রণ কাঠামোর মাধ্যমে বিটিআরসিরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

একটি শিল্পখাত হিসেবে প্রতিযোগিতা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে প্রতিযোগিতা মানেই যে আমরা সহযোগিতা করতে পারব না, তা নয়। বরং আমাদের জাতীয় ডিজিটাল লক্ষ্য বাস্তবায়নে শিল্পখাতজুড়ে সহযোগিতা অত্যন্ত জরুরি। সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং টেলিযোগাযোগ অপারেটরদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাই বাংলাদেশের ডিজিটাল স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে।

সবশেষে, প্রযুক্তিগতভাবে উন্নত ও ডিজিটালি অগ্রসর বাংলাদেশ গড়ে তোলা আমাদের সবার যৌথ দায়িত্ব। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন সম্মিলিত দৃষ্টিভঙ্গি, দৃঢ় অঙ্গীকার এবং দীর্ঘমেয়াদি টেকসই বিনিয়োগ।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক বলেন, “নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি সেবার মান নিশ্চিত করা বিটিআরসির অন্যতম অগ্রাধিকার। রবির এই অর্জন দেশের টেলিযোগাযোগ খাতের ক্রমবর্ধমান সক্ষমতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশের ইতিবাচক প্রভাব তুলে ধরে। নেটওয়ার্কের বিস্তৃতি, সেবার মান এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে এ ধরনের উদ্যোগে বিটিআরসির সহযোগিতা অব্যাহত থাকবে।”

রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “২০ হাজার ফোরজি সাইটের মাইলফলক অর্জন রবির সবার জন্যই গর্বের বিষয়। সম্প্রতি আমরা আমাদের নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করেছি। এই অর্জনের পরও আমরা নেটওয়ার্ক সম্প্রসারণ চালিয়ে যেতে চাই। এ জন্য আমাদের সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন, যাতে গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল সেবা উপভোগ করতে পারেন।”

জিয়াদ সাতারা আরও বলেন, “এই অর্জন গ্রাহকদের যেকোনো স্থান থেকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত ডেটা সেবা দেওয়ার প্রতি রবির অঙ্গীকারের প্রতিফলন। দেশের ৯৯ শতাংশ মানুষকে নেটওয়ার্কের আওতায় আনতে পেরে আমরা আরও বেশি মানুষকে শেখা, অর্জন ও সবার সঙ্গে সংযোগের সুযোগ তৈরি করছি। গ্রাহক, অংশীদার, সরকার ও বিটিআরসির ধারাবাহিক আস্থা ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও নেটওয়ার্ক সম্প্রসারণ ও নতুন প্রযুক্তিতে আমাদের বিনিয়োগ অব্যাহত থাকবে।”

আগামী দিনগুলোতেও নেটওয়ার্ক সম্প্রসারণ ও সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে রবির। বিশেষ করে যেসব এলাকায় এখনো নেটওয়ার্ক পৌঁছায়নি, সেসব স্থানে কভারেজ বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এ কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সরকার, বিটিআরসি এবং অবকাঠামো খাতের অংশীদারদের, বিশেষ করে টাওয়ার কোম্পানিগুলোর সহযোগিতা চেয়েছে রবি। নতুন সাইট স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা ও অনুমোদন দ্রুত নিশ্চিত করা গেলে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ আরও গতিশীল হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।