News update
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     

দ্বিতীয় দিনেও সুন্দবনের আগুন নেভাতে কাজ চলছে

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2024-05-06, 10:29am

retetetert-9dd7e80b98b854b30c626163d53900f91714969765.jpg




দ্বিতীয় দিনের মতো সুন্দরবনের আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আজ সোমবার (৬ মে) সকাল ৭টা থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু করেছে বনবিভাগ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আর আগুন নেভানোর কাজে তাদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারাও।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক রানা দেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রোববার (৫ মে) ভোরে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ। বনবিভাগ আগুন নিভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্পে করেছে। ফলে এখন আর কোথাও তেমন আগুন দেখা যাচ্ছে না। যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেখানেই পানি দেওয়া হচ্ছে।

রানা দেব জানান, নিয়ন্ত্রিত আগুন পুরোপুরো নেভাতে আজ সোমবার সকাল ৭টা থেকে বনবিভাগকে সহায়তায় কাজ শুরু করেছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আরও দুইদিন এ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পানি ছিটানো হবে। তবে আপাতত ভয়ের কারণ নেই। আগুন যাতে আর ছড়াতে না পারে সেজন্য রোববার ফায়ার লাইন কেটে সেখানে পানি দিয়ে রাখা হয়েছে। 

প্রধান বনসংরক্ষক আমির হোসেন চৌধুরী রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যায় বন কর্মকর্তা-কর্মচারীদের ২০ সদস্যের সমন্বয়ে পৃথক দুটি টিম করে দিয়েছেন। তার পরামর্শে রাতে আগুন নিভাতে পানি স্প্রে করেন বনবিভাগ। কারণ রাতে আগুন ভালো দেখা যায়, তাই আগুন দেখে দেখে পানি দেওয়ায় রাতেই আগুন অনেকটাই নিভে গেছে বলে জানান রানা দেব।

এর আগে শনিবার সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় আকস্মিক এ আগুন লাগে। তবে এদিন ঘটনাস্থলে গিয়ে পানির উৎস দূরে হওয়ায় এবং রাত হয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি দমকল কর্মীরা। গতকাল রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আজ সোমবারও চলছে আগুন নেভানোর কাজ।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট পেলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এনটিভি নিউজ