
A black poa fish fetches Taka 50,000 in Kuakata on Sunday 5 July 2026.
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে 'লম্বু পোয়া' বা কালো পোয়া' নামেও পরিচিত এই মাছটি। রোববার সকালে আলীপুর মৎস্য বন্দরে নিলামে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
জানাগেছে, গত শনিবার (৪ জুলাই) রাতে কুয়াকাটা উপকূল সংলগ্ন সমুদ্রে মাছ ধরতে যান রহিম মাঝি। জাল তোলার পর দেখা গেছে অন্যান্য মাছের সঙ্গে জালে আটকা পড়ে মূল্যবান কালো পোয়া মাছটি।
রোববার কালো পোয়া মাছটি আলীপুর মৎস্য বন্দরে আনা হলে নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা খোলা ডাকে কিনে নেয়। প্রতি মণ আড়াইলাখ টাকা দরে কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকায় মোট ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।
জেলে রহিম মাঝি বলেন, সাগরে মাছের আকাল চলছিল। এরই মাঝে সাগবে নিন্মচাপ শুরু হয়েছে। ঝুঁকি নিয়ে সমুদ্রে গিয়ে জাল ফেলে এত দামী মাছ পাবো আশা করি নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
ক্রেতা পিএম মূসা জানান, তিনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনে ঢাকা ছাড়াও দেশের বাইরে রপ্তানি করেন। কালো পোয়ার সুইম ব্লাডার (মাছের বালিশ) অত্যন্ত মূল্যবান হওয়ায় এ মাছের বাজারদরও অনেক বেশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে এ মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। এর ওজন সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। মূল্যবান হওয়ায় অনেকেই একে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নি:সন্দেহে সুখবর। - গোফরান পলাশ