News update
  • Tarique Exchanges Greetings With World Leaders at COP31     |     
  • Climate crisis could push 141m more women into extreme poverty     |     
  • COP31: Energy transition at centre stage for way beyond coal, oil     |     
  • Winter setting in northern districts; cold-related illnesses rise     |     
  • Eisenkot Vows to Reverse Netanyahu's Policies     |     

শেখ হাসিনা কি আসলেই দেশে ফিরতে চান?

গার্ডিয়ানের বিশ্লেষণ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-11-11, 4:51pm

dd_1793869878420_wsiu_1793869878646_yvkk_51dac5ea-ce39-4d22-bfa7-76c57fd3d498_tmkg-9d70fa65d6843765e972cbbfb9144edc1794394301.jpg




মাথার ওপর ঝুলছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়। দেশে পা দিলেই সোজা ফাঁসির মঞ্চ বা কারাগার— এটা নিশ্চিত জেনেও কি স্বেচ্ছায় দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? নাকি ভারতে বসে দেশজুড়ে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও অস্থিতিশীলতা তৈরির এক সুচতুর কৌশল এটি? শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ঘিরে শুরু হওয়া এই নাটকীয়তা নিয়ে বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টের গণঅভুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটার পর থেকেই শেখ হাসিনা ভারতে স্বনির্বাসনে বসবাস করে আসছেন। তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান এবং সেখানে তাকে দিল্লিতে অবাধে বসবাসের অনুমতি দেওয়া হয়। গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে। ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই আন্দোলনে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিল।

শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ রয়েছে। দলটির হাজার হাজার নেতাকর্মী কারাগারে আছেন। এমন পরিস্থিতিতে তার দেশে ফেরা বেশ সংঘাতপূর্ণ হতে পারে। তিনি যদি দেশে ফিরেন, তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। গত আগস্ট মাসেই শেখ হাসিনা প্রথম বাংলাদেশে ফিরে যাওয়ার সম্ভাবনার কথা উত্থাপন করেছিলেন। চলতি সপ্তাহে দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলার সময় ভারতে বসবাসকারী দলের বেশ কয়েকজন নির্বাসিত নেতা নিশ্চিত করেছেন, শেখ হাসিনা আগামী মাসের মধ্যে দেশে ফেরার বিষয়ে অত্যন্ত সিরিয়াস এবং আত্মবিশ্বাসী। তারা আরও নিশ্চিত করেছেন, দলের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা এই প্রত্যাবর্তনের আগাম প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে দেশে ফিরে গেছেন।

গত সোমবার শেখ হাসিনার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে তার জন্য যত দ্রুত সম্ভব নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়। দ্য গার্ডিয়ান চিঠিটি দেখেছে। দলের এক শীর্ষ নেতা ভারতের কলকাতা শহর থেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের নেত্রী শেখ হাসিনা পাসপোর্ট চেয়েছেন কারণ তিনি সত্যি সত্যিই দেশে ফিরতে চান। তিনি গণমাধ্যমের হয়ে কথা বলার জন্য অনুমোদিত নন। শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে তা সম্পূর্ণ অবৈধ ছিল।

ওই আওয়ামী লীগ নেতা বলেন, তিনি তার প্রত্যাবর্তন সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী, আর ঠিক এই কারণেই তিনি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। কর্তৃপক্ষ যদি তাকে পাসপোর্ট না দেয়, তবে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ট্রাভেল পাসের জন্য আবেদন জানাবেন। শেখ হাসিনার এই দণ্ডাদেশের পর থেকেই বাংলাদেশ সরকার সাবেক এই প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে আসছে। তবে ভারতের সরকার, যারা ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, তারা এই দাবিগুলো পুরোপুরি উপেক্ষা করে চলেছে। এর ফলে দুই দেশের মধ্যকার সম্পর্কে মারাত্মক টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

চলতি সপ্তাহে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একজন ‘সন্ত্রাসী’ হিসেবে শেখ হাসিনাকে কেবল ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অধীনে ‘গ্রহণযোগ্য বন্দী বিনিময়ের’ মাধ্যমেই কেবল দেশে ফেরার অনুমতি দেওয়া যেতে পারে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো ধরনের ‘আইনি সুযোগ নেই’। কারণ তিনি একজন দণ্ডিত পলাতক আসামি। আমিনুল ইসলাম জোর দিয়ে বলেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেন তবে তাকে ফাঁসি দেওয়া হবে, কারণ তার দণ্ডের বিরুদ্ধে আপিল করার সময়সীমা ইতোমধ্যে পার হয়ে গেছে। তিনি বলেন, শেখ হাসিনার সামনে রায়ের বাস্তবায়ন মোকাবেলা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

তার ১৫ বছরের শাসনকাল জুড়ে নানা ধরনের নির্যাতন এবং ক্ষমতার অপব্যবহার এবং পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও, শেখ হাসিনা এখনও বাংলাদেশে থাকা হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর কাছে যথেষ্ট জনপ্রিয়। এই নেতাকর্মীদের অনেকেই এখন আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, তার এই ফিরে আসার সিদ্ধান্তটি মূলত তার সমর্থকদের ভিত্তি পুনরায় চাঙ্গা করার এবং তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার একটি সুনির্দিষ্ট প্রচেষ্টা থেকে এসেছে। গত ফেব্রুয়ারি মাসে এই সরকার ক্ষমতায় আসীন হয়।

ক্ষমতায় আসার পর থেকেই এই সরকার মূল্যস্ফীতি এবং পোশাক কারখানা বন্ধ করে দেওয়া বিভিন্ন বিক্ষোভ সামাল দিতে গিয়ে নানা সংকটের মুখোমুখি হয়েছে। আর আওয়ামী লীগ এই সুযোগটি নিজেদের অনুকূলে ব্যবহার করতে চাইছে। অন্য একজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, নির্বাসনে থাকা সমস্ত নেতাই শেখ হাসিনার পেছনে পেছনে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। যদিও তাদের অনেকের বিরুদ্ধেই গুরুতর সব ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে এবং অনুপস্থিতিতে তাদের দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভারতের মাটিতে অবস্থানকারী ওই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের অনেকের বিরুদ্ধেই ক্যাঙ্গারু কোর্টগুলো অনুপস্থিতিতে সাজা দিয়েছে। আমরা খুব ভালো করেই জানি যে আমাদের জেলে যেতে হবে। কিন্তু আমরা যেকোনো পরিণতি মোকাবেলা করতে এবং আমাদের নিজেদের মানুষের কাছে ফিরে যেতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করব। গত কয়েক মাসের ব্যবধানে দলের কিছু শীর্ষস্থানীয় নেতা দেশে ফিরে গেছেন, যার মধ্যে সাবেক সংসদ সদস্য মুসতাকে আহমেদ রুহীও রয়েছেন। গত সেপ্টেম্বর মাসে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলার অভিযোগে বর্তমানে তার বিচারকার্য চলছে।

জানা গেছে, নির্বাসিত আওয়ামী লীগের নেতারা কলকাতায় নিয়মিতভাবে বৈঠক চালিয়ে যাচ্ছেন, যেখানে তাদের অনেকেই বসবাস করছেন। এছাড়া শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য তাদের নিয়মিতভাবে দিল্লিতে তলব করা হয়। চলতি সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক ইমেইল বার্তায় শেখ হাসিনা বলেছেন, যদি মৃত্যুই আমার ভাগ্য হয়, তবে আমি আমার নিজের দেশের মাটিতে, আমার নিজের মানুষের মাঝেই মরতে চাই।