
এখন খাতায় কিছু না লিখলেও পাস করা যায়। এই সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ জুলাই) খুলনা মহানগরীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, এই সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এখন খাতায় কিছু না লিখলেও পাস করা যায়। দুই লাইন লিখলে পাওয়া যায় জিপিএ-৫।
তিনি বলেন, শেখ হাসিনার পতনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। এক দফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে গণতন্ত্রমনা সকল দল কর্মসূচি দিয়েছে। নিশ্চিত হয়েছে তিনি (শেখ হাসিনা) আর ক্ষমতায় থাকতে পারছেন না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বিদেশিদের কাছে বলেছেন- ১৪ বছর ধরে তিনি দেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিচ্ছেন। দিনের ভোট রাতে করে, জনগণের সব ধরনের অধিকার কেড়ে নিয়ে উনি মিথ্যাচারের মডেলে পরিণত হয়েছেন।
বিএনপির এ নেতা বলেন, আইএমএফের চাপে সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে রিজার্ভ ২৩ দশমিক ৭ মিলিয়ন ডলার। তারা দুর্নীতির মাধ্যমে রিজার্ভ শেষ করেছে। অর্থনীতিকে ধ্বংস করেছে। গণতন্ত্র শেষ করেছে। ব্যাংকগুলো এলসি খোলা বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, জনগণের কাছে দেশের মালিকানা থাকলে আজকের রাজনীতি অন্য রকম হতো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের জনকল্যাণমুখী কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, নির্যাতন নিপীড়নের শিকার রাজনৈতিক নেতাকর্মী ও তার পরিবারের পাশে দাঁড়াচ্ছে ফাউন্ডেশন। তাদের চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনে সহায়তা করা হচ্ছে। জিয়াউর রহমান বেঁচে থাকতে এ ধরনের গণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিকে জনগণের কাছে নিয়ে গিয়েছিলেন। আজ যাদেরকে শিক্ষা বৃত্তি দেওয়া হলো, তাদের লেখাপড়ার মানের দিকে সতর্ক নজর রাখতে হবে।
এ সময় নির্যাতিত, অসহায় ও অসচ্ছল নেতাকর্মীদের পরিবারের সন্তানদের মাঝে উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।