News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

খালেদা জিয়াকে কখন লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে, জানালেন ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-05, 4:52pm

rwerwerwer-3f9cb7631f8233f8b3ad2b7f224470421764931934.jpg




চিকিৎসকরা নিশ্চিত করলেই সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এর আগে, মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বিএনপি চেয়ারপারসনকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা প্রাণপণে চেষ্টা করছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকেরা আশা করছেন, আগামীকাল (শনিবার) কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছালে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে।

তিনি বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের উচ্চমানের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। তবে, এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সে কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বিগত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে ছয় বছর কারারুদ্ধ করে রেখেছিল। এর মধ্যে দুই বছর তাকে নির্জন, পুরোনো কারাগারে আটক করে রাখা হয়েছে। সবাই সন্দেহ করেন, সেখান থেকেই তার রোগের সূচনা হয়। চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। করোনার সময় থেকে গত চার বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এরপর তিনি সুস্থ হলেও কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন।

দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চেয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা সবাই মিলে পরম করুণাময়ের কাছে দোয়া করি, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন।