News update
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     

‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে শহীদ মিনারে হাজারো শিক্ষক

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-10-14, 2:38pm

et645345345-7f94e22b5ff04cac2db5836a84158caf1760431111.jpg




রোববার দুপুরে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। ছবি : এনটিভি 

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন।  

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে সেখানে হাজার হাজার শিক্ষককে অবস্থান নিতে দেখা যায়।

জানা গেছে, সচিবালয় অভিমুখী মার্চ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও ৪টা পর্যন্ত সময় বেধে দিয়েছেন তারা। এর মধ্যে শিক্ষকদের দাবি না মানলে সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন তারা।

এ বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আবুল বাশার বলেন, আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা নির্ধারিত সময়ের পর সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা শুরু করব।

আবুল বাশার জানান, শিক্ষকদের ওপর পুলিশ হামলা চালিয়েছিল। আজকে আমাদের ওপর হামলা করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে মার্চে যোগ দিতে আসা শিক্ষকরা জানান, আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।

এর আগে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।