মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (এমআইবি) এর উদ্যোগে ২২ ও ২৩ ডিসেম্বর দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ৫ম মার্কেটিং-ডে ।
দেশের প্রায় পঞ্চাশ লাখ মার্কেটিং পেশাজীবীদের অংশগ্রহণে দুইদিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব সারাদেশে বিভিন্ন কর্পোরেট হাউজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেক কাটা, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানবিধ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় এবং করপোরেট হাউজে আয়োজিত হয়েছিল প্রি-মার্কেটিং ডে। ২৩ ডিসেম্বর এমআইবি এর পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে দিনব্যাপী বাংলাদেশ মার্কেটিং-ডে উদযাপন করা হয়েছে ঢাকার আগারগাঁওয়ে শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া। অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে যোগ দিয়েছেন জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোঃ আলমগীর কবির। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক মীজানুর রহমান।
মার্কেটিং পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভোক্তাদের সর্বাধিক সন্তূষ্টি প্রদানের লক্ষ্যে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ ২০১৮ সাল থেকে দিবসটি উদযাপন করে আসছে। এবারের অনুষ্ঠানের আলোচনা সভায় কোভিড -১৯ পরবর্তী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সংকট ও তা নিরসনে করণীয় সম্পর্কে বিশেষজ্ঞগণ প্রবন্ধ উপস্থাপন করেছেন ও উত্তরণের উপায় সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছেন। সন্ধ্যায় ছিল দেশ-বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানটি বাংলাদেশের সেরা কর্পোরেট হাউজসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, মার্কেটিং এক্সিকিউটিভ ও সেলস পার্সোনেলসহ প্রায় পাঁচ হাজার অংশগ্রহনকারীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।
প্রায় ৫০ লক্ষাধিক সেলস ও মার্কেটিং পেশার সঙ্গে সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে একত্রিত করে তাদের পেশাগত মানোন্নয়ন ও ভোক্তাদের সর্বাধিক সন্তূষ্টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ। সেই সঙ্গে এমআইবি মার্কেটিং প্রফেশনালদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও তাদের বিনোদনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমও পরিচালনা করে আসছে। সকলের সম্মিলিত সহযোগিতায় প্ল্যাটফর্মটি এর সদস্যদের পেশাগত নিরাপত্তা বিধানসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে এবং ইতিমধ্যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। সেক্ষেত্রে দক্ষ মানব সম্পদ গঠন করতে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ সুচিন্তিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ একটি ইনস্টিটিউট স্থাপন করেছে। বিজ্ঞপ্তি।