News update
  • Govt Plans Professional Police Force Free From Politics     |     
  • Govt Plans Private Water Bus Services Around Dhaka     |     
  • Israeli Forces Now Occupy About 70% of Gaza      |     
  • Insects may be guiding seasonal bird migration in eastern Himalayas     |     
  • 3 people killed, at least 21 wounded in Moscow restaurant bombing     |     

ইরানিরা ‘জঘন্য, হিংস্র ও অসুস্থ মানুষ’, বললেন ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-07-08, 7:06pm

img_20260708_190341-0024410828f5c1c896f06e021270e0a61783515983.jpg




তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে ইরানের শীর্ষ নেতৃত্ব ও দেশটির নাগরিকদের নীতি নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সমঝোতা স্মারকের ফলে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি বিমান হামলার পর সম্পূর্ণ ভেস্তে গেছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন, সব শেষ।

স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) আঙ্কারার সম্মেলনস্থলে এক সাংবাদিক প্রশ্ন করেন, যুদ্ধবিরতি কি শেষ? সমঝোতা স্মারকটি কি তবে মৃত? জবাবে ট্রাম্প বলেন, এটি খুবই চমৎকার একটি প্রশ্ন। আমার কাছে মনে হয়, হ্যাঁ, এটি শেষ। খবর বিবিসির। 

ইরানি নেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমি ওদের সঙ্গে আর কোনো রকম সম্পর্কে জড়াতে বা আলোচনা করতে চাই না। ওরা জঘন্য। ওরা মানসিকভাবে অসুস্থ মানুষ। কিছু অসুস্থ মানুষ ওদের নেতৃত্ব দিচ্ছে। একই সঙ্গে ওরা অত্যন্ত হিংস্র ও সহিংস।

পরমাণু অস্ত্র প্রসঙ্গে তেহরানকে কাঠগড়ায় তুলে ট্রাম্প যোগ করেন, ওদের হাতে যদি কোনো পারমাণবিক অস্ত্র থাকত, তবে ওরা সেটা নির্দ্বিধায় ব্যবহার করত। তাই আমার দিক থেকে এই চুক্তির অধ্যায় এখানেই শেষ।

যুক্তরাষ্ট্রের প্রধান দুই নেগোশিয়েটর বা মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও নিজের জামাতা জ্যারেড কুশনারের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আমি আমাদের আলোচকদের সঙ্গে কথা বলব। তারা আলোচনা চালিয়ে যেতে চায়, তারা ভালো মানুষ। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তাদের আমার কাছেই ফিরে আসতে হবে। আমি মনে করি ওদের (ইরান) সঙ্গে চুক্তি করা মানে স্রেফ সময়ের অপচয়। ওরা আস্ত মিথ্যাবাদী।

চুক্তি ভঙ্গের উদাহরণ দিয়ে ট্রাম্প পাশে থাকা ন্যাটো মহাসচিব মার্ক রুটের দিকে ইঙ্গিত করে বলেন, আমি যদি ওনার (মার্ক রুট) সঙ্গে কোনো চুক্তি করি, তবে আমাদের মধ্যে একটা চুক্তি সম্পন্ন হলো। উনি বাইরে গিয়ে সেই অনুযায়ী কথা বলবেন। কিন্তু আমরা (যুক্তরাষ্ট্র ও ইরান) যখন একটা চুক্তি করলাম, সবাই একমত হলো যে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। অথচ চুক্তি করার পরপরই ওরা (ইরান) বাইরে গিয়ে গণমাধ্যমকে বলল, আমরা তো এই বিষয়ে কোনো কথাই বলিনি। ওদের মগজে সমস্যা আছে, ওরা পুরোপুরি উন্মাদ। আমার দিক থেকে সবকিছু শেষ।

ভবিষ্যতে আর কোনো আলোচনা বা সংলাপ শুরু হবে কি না—সাংবাদিকদের এমন শেষ প্রশ্নের জবাবে ট্রাম্প তাচ্ছিল্যের সুরে বলেন, ওরা কথা বলতে চাইলে বলুক, আমার কিছু যায় আসে না। তবে আমি মনে করি তারা স্রেফ তাদের সময় নষ্ট করছে। ওরা একদল মিথ্যাবাদী।