News update
  • Bidisha Siddique Arrested in Fraud Case     |     
  • As wars spread, the global food system unravels     |     
  • Holy Eid-e-Miladunnabi Wednesday     |     
  • EU sees Bangladesh as partner of growing strategic importance: Miller     |     
  • Journalism’s main task is to question power: Swapon     |     

ইরানের প্রতিটি হামলার জবাবে ২০ গুণ বেশি আঘাত করা হবে: ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-07-09, 9:23am

img_20260709_092311-147fe2b01c0cff21c820d6cd9b5416181783567426.jpg




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপ আরও তীব্র করার ঘোষণা দিয়ে দিয়েছেন। তিনি বলেন, ইরানের প্রতিটি হামলার বিপরীতে মার্কিন সামরিক বাহিনী ২০ গুণ বেশি শক্তিশালী পাল্টা আঘাত হানবে। স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) প্রেসিডেন্টের বিমান ‘এয়ার ফোর্স ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার। 

ট্রাম্প আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে জয়লাভ করেছে। ইরানিদের এখন আর তেমন কিছুই অবশিষ্ট নেই। তারা চুক্তি করার জন্য এখন মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমি আসলেই নিশ্চিত নই যে তারা কোনো চুক্তির যোগ্য কি না কিংবা চুক্তি করার পর তারা সেটি আদৌ মেনে চলবে কি না।

চুক্তি করতে মরিয়া হওয়ার পরেও ইরান কেন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, সত্যি বলতে, কারণ ওরা এক ধরনের উন্মাদ। বিষয়টি শুনতে পাগলাটে লাগলেও এটাই সত্যি যে ওরা কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। কিন্তু তা সত্ত্বেও ওরা একটি চুক্তি করার জন্য ভেতরে ভেতরে ছটফট করছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক সামরিক সংঘাত শুরু হতে যাচ্ছে কি না, জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, আমি জানি না। আমাদের জেতার অনেক পথ খোলা আছে, তবে সামরিক দিক থেকে আমরা ইতোমধ্যেই জিতে গেছি। 

একই সঙ্গে ওয়াশিংটনের প্রতিশোধমূলক নীতির হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, আমরা মাত্রই ওদের ওপর খুব বড় আঘাত হেনেছি। এখন থেকে ওরা আমাদের ওপর যতবার আঘাত করবে, আমরা তার বিপরীতে ২০ গুণ বেশি শক্তিতে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ব।