
সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। দেশটির সিভিল এভিয়েশন অথরিটির (গাকা) এই তথ্য নিশ্চিত করে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলা চালানো হয়।
সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (গাকা) জানিয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। অন্যদিকে, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক সুদানির নাগরিক প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন সৌদি নাগরিকসহ আটজন আহত হয়েছেন।
গাকা এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, জোট বাহিনী রিয়াদের উত্তরাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। গত ১৮ সেপ্টেম্বর রিয়াদ বিমানবন্দর অভিমুখে ইয়েমেন থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে সৌদি জোট। তার পরদিন ১৯ সেপ্টেম্বর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণাগারের কাছে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যায়। নিরাপত্তা পরিস্থিতির ধারাবাহিকতায় রিয়াদ বিমানবন্দর সংলগ্ন তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংকের চারপাশে নতুন করে সুরক্ষাবেষ্টনী নির্মাণ করা হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক সৌদি সামরিক জোটের সঙ্গে দীর্ঘদিন ধরে হুথি বিদ্রোহীদের সংঘাত চলছে। এ সংঘাতের জের ধরে বুধবার ইয়েমেনের এডেন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চলমান এই পরিস্থিতির প্রেক্ষাপটে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।