News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

পাকিস্তানের সামরিক ঘাঁটিতে তালেবানের হামলা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-02-28, 10:41am

f89610fa3c78fbfd0ee393d133d0049a3ac84223b287dda1-c417e326082db2c4772edc997155f7191772253681.jpg




পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আফগান সেনারা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগান গণমাধ্যম টোলো নিউজের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনীর হামলার পাল্টা জবাব হিসেবে তালেবান সরকার এ অভিযান চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টোলো নিউজ জানায়, ড্রোন হামলার পর স্পিনওয়াম সেনা ঘাঁটিতে অগ্নিকাণ্ড ঘটে।

বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনী আফগান সীমান্তে হামলা চালায়। তালেবান কর্তৃপক্ষের দাবি, এই ড্রোন হামলা ছিল সেই ঘটনারই প্রতিশোধ। তবে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুক্রবার যুদ্ধাবস্থায় জড়িয়েছে প্রতিবেশী দুই দেশ। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পাশাপাশি হামলা আর পাল্টা হামলায় দিনভর উত্তেজনা বজায় ছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যমের জন্য নির্ধারিত মুখপাত্র মোশাররফ জাইদি জানান, পাকিস্তানের অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন নিহত হয়েছেন। আহত ৪৫০ জনের বেশি।

এছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। দেশটির ২৯টি স্থানে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। হামলায় পাকিস্তানের ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের হামলায় আটজন তালেবান যোদ্ধা নিহতের দাবি করেছেন তিনি। আহত হয়েছেন ১১ জন। আফগানিস্তানের নানগরহার প্রদেশে ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।

তবে উভয় পক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির এসব দাবি কোনোটাই আল জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।