News update
  • Chinese Scientists Warn Wars Could Spread Into Space     |     
  • 11-Party Alliance Begins Dhaka-Chattogram Long March     |     
  • Dhaka's air quality turns ‘moderate’     |     
  • Musk launches steering-wheel-free taxi service     |     
  • Hindu community celebrate Janmashtami     |     

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা  

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2026-08-11, 3:51pm

img_20260811_154845-7389704154f3a6fa9a26fe81325037921786441860.jpg




ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরকে ঘিরে তিন দশক ধরে নানা আলোচনা রয়েছে। পর্দায় তাদের দারুণ রসায়নের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও তৈরি হয়েছে নানা গল্প। বিশেষ করে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না এ প্রশ্ন বারবার সামনে এসেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন নীলা চৌধুরী। তার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং শাবনূরকে নিজের ছোট বোনের মতোই দেখতেন সালমান।

নীলা চৌধুরী জানান, শাবনূর সালমানের ওপর নির্ভরশীল ছিলেন এবং সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন। সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি বোনের মতো স্নেহ করতেন। তবে শাবনূরকে নিয়ে কিছু অভিযোগও করেছেন সালমানের মা। তার দাবি, শাবনূর কখনো কখনো সালমানের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে এমন ধারণা তৈরি করার চেষ্টা করতেন। পরে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গল্প ছড়িয়ে পড়ে। 

অন্যদিকে শাবনূর বরাবরই এসব প্রেমের গুঞ্জন অস্বীকার করে এসেছেন। তার বক্তব্য, সালমানকে তিনি কখনো প্রেমিক হিসেবে দেখেননি, বরং ভাইয়ের মতো সম্মান করতেন। তার মতে, কিছু মানুষ ও গণমাধ্যম তাদের বন্ধুত্বকে ঘিরে মুখরোচক গল্প তৈরি করেছে।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। প্রথম ছবিতে তার নায়িকা ছিলেন মৌসুমী। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন সালমান শাহ। সেই সিনেমার পর বাংলা চলচ্চিত্রে তুমুল জনপ্রিয়তা পায় সালমান–শাবনূর জুটি। মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান অভিনয় করেন ২৭টি সিনেমায়, এর মধ্যে ১৪টিতে তার নায়িকা ছিলেন শাবনূর।

‘তুমি আমার’ দিয়ে সালমান–শাবনূর জুটির শুরু। পরে একে একে অভিনয় করেন ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’সহ ১৪টি সিনেমায়। তাদের জুটির অধিকাংশ সিনেমাই পায় ব্যবসায়িক সাফল্য। পর্দার এই জুটির সম্পর্ক নিয়ে শাবনূর বলেন, কাজ করতে গিয়েই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল।

তার মতে, ‘সালমান অনেক বড় মনের মানুষ। বয়সে বড় সবাইকে সে যথেষ্ট সম্মান করত। কোনো অহংকার তার মধ্যে ছিল না। অনেক বেশি ভালো ছিল। সহশিল্পীদের সবার প্রতি খুব আন্তরিক আর কাজপাগল একটা ছেলে ছিল। আমাদের দুজনের বোঝাপড়াটা ছিল চমৎকার। বলতে পারেন, একে অন্যের চোখের ইশারা বুঝতে পারতাম।’

শুধু সালমানের সঙ্গে নয়, তার স্ত্রী সামিরার সঙ্গেও শাবনূরের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। তার মতে, শুটিংয়ের সময় সামিরা প্রায়ই তাদের সঙ্গে থাকতেন। একসঙ্গে ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, আড্ডা—সব মিলিয়ে দুই পরিবারের মধ্যেও একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল বলে জানান শাবনূর।

সালমানের সঙ্গে কাজের স্মৃতিচারণা করতে গিয়ে শাবনূর আরও বলেন, তারা শুটিংয়ের ফাঁকে আনন্দ-আড্ডায় মেতে থাকতেন। কক্সবাজারে শুটিংয়ের সময় রাতে সাগরপাড়ে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজনও হতো। সেখানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি সহশিল্পী ও পরিচালকও থাকতেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় মারা যান। তার মৃত্যুর পর তিন দশকে এসেও আলোচনা কমেনি। সালমানের মৃত্যু, ব্যক্তিজীবন এবং সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা বক্তব্য সামনে এসেছে। এর মধ্যে সালমান–শাবনূরের প্রেমের সম্পর্কের বিষয়টিও বারবার আলোচনায় ছিল। শাবনূর যেখানে বরাবরই তাদের সম্পর্ককে ভাই–বোনের বলে দাবি করে এসেছেন, সেখানে এবার সালমানের মা নীলা চৌধুরীও জানান—ছেলের সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল না।