News update
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     
  • Protecting Bangladesh’s coastal people From Tide-induced Loss, Damage      |     
  • Four Warehouses Linked to Salman Muqtadir’s In-Laws Sealed     |     
  • Dengue surge: N’ganj hospitals treat patients on floors, verandas     |     
  • Dhaka ranks 5th among world’s most polluted cities on Friday     |     

জামিন পেলেন না রিয়াজ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-09-04, 8:51am

img_20260904_085006-5c5b40592481efeb165995a83d87c1901788490304.jpg




বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি হত্যা মামলায় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন রিয়াজ। শুনানি শেষে আদালত আবেদনটি ফেরত দেওয়ার আদেশ দেন।

আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। শুনানি শেষে আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

রিয়াজের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর একটিতে জুলাই আন্দোলনকালে রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে শাহবাগ থানাকে নির্দেশ দেন। পরে ২ মে মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা ওই মামলায় রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

আসামির তালিকায় রিয়াজ ছাড়াও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খানসহ বিনোদন জগতের আরও ১৩ জন রয়েছেন।

উল্লেখ্য, হাইকোর্টে জামিন আবেদন ফেরত দেওয়ার অর্থ এই নয় যে আদালত আবেদনটি খারিজ করেছেন।