News update
  • Low pressure area on Bay; Maritime ports to hoist cautionary signal 3     |     
  • Nandini killing: Man sentenced to death in Lalmonirhat     |     
  • Four of a Rangpur family killed for objecting to Yaba taking: Police     |     
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     
  • President Mirza Fakhrul Begins Official Duties at Bangabhaban     |     

সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলা স্থগিত, হামলাকারীদের নামে মামলা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-10-01, 12:57pm

image-241930-1696137354-ed6b08814ff979844029637d4a1a6f481696143431.jpg




তারকাদের নিয়ে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ। কিন্তু শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতের ম্যাচ শেষে অপ্রত্যাশিত একটি ঘটনায় জড়িয়ে পড়েন কয়েকজন। রীতিমতো নির্মাতা দীপংকর দীপনের দলের সদস্যদের ওপর হামলার অভিযোগ আনেন নির্মাতা মোস্তফা কামাল রাজের টিমের কয়েক সদস্য।

সেই দ্বন্দ্বের জেরে সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলা আপাতত স্থগিত রেখেছেন কর্তৃপক্ষরা। পাশাপাশি হামলাকারীদের নামে মামলাও করা হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ঘটনার ছবি ও ভিডিও।

শনিবার (৩০ সেপ্টেম্বর) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাধানের চেষ্টা করেন সিসিএল আয়োজক কমিটি।

তাদের পক্ষ থেকে জানানো হয়, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হঠাৎ করেই ঘটনাটি ঘটে যায়। এরই মধ্যে ভিডিও ফুটেজ থেকে দোষীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। লিগের সবগুলো দলের অধিনায়কের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলায় আসামীর তালিকায় চার-পাঁচ জনের নাম উল্লেখ রয়েছে বলে ইঙ্গিত করেন আয়োজকদের মুখপাত্র।

তবে কার বিরুদ্ধে, কোন থানায় মামলা করা হয়েছে, সেটা প্রকাশ করেননি। পাশাপাশি প্রেস কনফারেন্সেই দল দুটির অন্য সদস্যদের মধ্যে মিটমাট করে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে নিজের দলের হয়ে ক্ষমা চেয়ে নির্মাতা রাজ বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি ভীষণ লজ্জিত ও ক্ষমা প্রার্থী। আমার দল থেকে যারা জড়িত ছিল, তাদের পক্ষ থেকেও আমি সরি, লজ্জিত।

ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হয়েছে। যেহেতু আমরা একই পরিবারের সদস্য, তাই ইন্টারনালি সমাধান করেছি। এতে আমার দ্বিমত নেই।

নির্মাতা দীপংকর দীপন জানান, কালকে (২৯ সেপ্টেম্বর) যে ঘটনা ঘটেছে এতে আমাদের দুই দলে যে প্লেয়ার ছিল, আমরা মারামারিতে জড়াইনি। মাত্র চার-পাঁচ জন এসে আমাদের হামলা করেছে। কিছু মানুষ মারতে এসেছিল, বাকি সবাই ঠেকিয়েছিল। তারা সাপোর্টার জার্সি পরা ছিল। এমনকি আমাদের প্লেয়ার মনোজকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, আমার একজন অ্যাসিস্ট্যান্টকে টেনে নিয়ে মাটিতে ফেলে পাড়ানো হয়েছে। যা দেখে আমরা বিস্মিত হয়ে গেছি! এরা কারা? কোত্থেকে এলো? ঘটনার পরই কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানিয়েছি, এটার সুরাহা না করলে আমরা মাঠ ত্যাগ করব না। তারা আমদের কাছে এক দিন সময় চেয়েছেন। তাদের ধন্যবাদ যে, এর মধ্যেই ব্যবস্থা নিয়েছেন।

একই দলের অভিনেতা শিমুল বলেন, আমাদের পরিবারে কিছু ব্ল্যাকশিপ তৈরি হয়েছে। সবাই তো শিল্পী না, পারফর্মারও আছে অনেক। এখানে মারামারি হয়েছে বলবেন না। আমার ভাইয়েরা মার খেয়েছে। আমার দুষ্টু ভাইয়েরা ভদ্র ভাইদের মেরেছে। দুইটাই আমার ভাই। আমরা মারামারি করতে চাই না, খেলে জিততে চাই।

এ দিকে সিসিএলের ফাইনাল খেলা আদৌ অনুষ্ঠিত হবে কি না? সেক্ষেত্রে কীভাবে নির্ধারণ করা হবে? এমন প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, খেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একটি উচ্চ পর্যায় থেকে অনুমতি আসার পর খেলা হতে পারে। এ ছাড়া সবগুলো দলের অধিনায়ককে নিয়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।