
ঈদে ‘ইত্যাদি’র মঞ্চে মোশাররফ করিম। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে
ঈদের বিশেষ আয়োজন মানেই বাড়তি প্রত্যাশা। আর সেই আয়োজন যদি হয় ‘ইত্যাদি’, তাহলে দর্শকের আগ্রহ যে অন্য মাত্রায় পৌঁছাবে—তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দুই দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠানটি যেমন পুরনো প্রজন্মের কাছে পরিচিত ও প্রিয়, তেমনি ডিজিটাল যুগেও এটি সমানভাবে আলোচনায়। ইউটিউবে নিয়মিত ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নেওয়াই তার প্রমাণ।
এবারের ঈদ পর্বেও থাকছে ভিন্ন মাত্রার উপস্থাপনা। নাটক, সিনেমা ও ওয়েব ধারাবাহিকে কাজের মাধ্যমে পরিচিত অভিনেতা মোশাররফ করিম অংশ নিয়েছেন এবারের ঈদ ‘ইত্যাদি’র দর্শকপর্বে অতিথি হিসেবে। শুধু উপস্থিতিই নয়, দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজনের সঙ্গে সরাসরি অভিনয়ও করেছেন তিনি।
এই পর্বে দর্শক নির্বাচনের প্রক্রিয়াও ছিল আলাদা। প্রচলিত প্রশ্নোত্তরের পরিবর্তে একটি বিশেষ উপকরণের মাধ্যমে হাজারো দর্শকের মধ্য থেকে চারজনকে বেছে নেওয়া হয়। সেই মুহূর্ত ঘিরে তৈরি হয় কৌতূহল ও উত্তেজনা।
এরপর শুরু হয় তাৎক্ষণিক অভিনয়পর্ব। কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই মোশাররফ করিম অভিনয় করেন তিনটি ভিন্ন চরিত্রে। তাঁর সঙ্গে অংশ নেন নির্বাচিত চারজন দর্শক, যারা পেশাদার অভিনেতা নন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পরিস্থিতিভিত্তিক সংলাপে পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।
অভিনয়ের ফাঁকে উঠে আসে একটি বার্তাও, যা আনন্দের পাশাপাশি ভাবনারও জায়গা তৈরি করে। করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।