
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম চলবে।
রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি উল্লেখ ছিল। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এবার দিবসটি ২৩ সেপ্টেম্বর হওয়ায় ছুটির তারিখও সংশোধন করা হয়েছে।
ফলে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে।
এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে থাকা সংরক্ষিত ছুটি থেকে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছুটি দেওয়া হলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।
এই ছুটির আওতায় দেশের সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।