News update
  • Once-in-a-generation solar eclipse dazzles UK and Europe     |     
  • Govt Orders Shops, Markets to Close by 8pm     |     
  • US Deal to Supply 117 LNG Cargoes Over 12 Years     |     
  • Health impact of development plans should also be assessed: Shaikh Faridul      |     
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     

কোকোর উদ্যোগের ওপর দাঁড়িয়েই আজকের ক্রিকেট: আমিনুল হক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-08-13, 6:42am

img_20260813_063924-3702a3fc33a214bc2f4067456820de3a1786581739.jpg




আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দোয়া ও আলোচনা সভা শেষে প্রধান কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মাহবুব আনাম, এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল হক মইন।

আলোচনা সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর ক্রিকেট সংগঠক হিসেবে অবদানের কথা স্মরণ করেন। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও কোকোর মূল আগ্রহ ছিল ক্রিকেটে। দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন, প্রতিভাবান ক্রিকেটার তৈরির প্ল্যাটফর্ম তৈরি এবং ক্রিকেট কূটনীতিতে তার ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, কোকোর নেওয়া বিভিন্ন উদ্যোগের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের আজকের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। তার উদ্যোগেই মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ গড়ে ওঠে এবং ক্রিকেটার তৈরির জন্য একাডেমি ও এইচপি ইউনিটের মতো কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, তার নেওয়া পদক্ষেপের ওপর দাঁড়িয়েই আমাদের আজকের ক্রিকেট। ভালো ভালো ক্রিকেটার তৈরি হয়েছে তার নেওয়া পদক্ষেপেই।

কোকোর ক্রিকেট ভাবনার প্রশংসা করে আমিনুল হক আরও বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও রাজনীতির ধারেকাছেও ছিলেন না। ক্রিকেট ছিল তার ধ্যান-জ্ঞান। ক্রিকেটের জন্য নানা উদ্যোগ নিয়েছেন, বড় অবদান রেখে গেছেন।

বিদেশি কোচ ও প্রশিক্ষকদের মাধ্যমে দেশের ক্রিকেটের উন্নয়নে কোকোর ভূমিকার কথাও তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিদেশি কোচ এনে দেশের ক্রিকেটের মানোন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন কোকো।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো ও খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় আরাফাত রহমান কোকোর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেট সংগঠক হিসেবে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ দেশের ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।