
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের হারিয়ে সিরিজ শুরু করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ম্যাচের একদিন আগেই আজ রোববার (২২ নভেম্বর) দুই পরিবর্তন এনে একাদশ ঘোষণা করেছে প্রোটিয়ারা। দলে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়া ও ব্যাটার টনি ডি জর্জি। আগামীকাল সোমবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
জোহানেসবার্গে প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল প্রোটিয়ারা। ওই ম্যাচে পাওয়া চোটের কারণে শেষ টেস্টে মাঠে নামতে পারছেন না অধিনায়ক টেম্বা বাভুমা। তার জায়গায় একাদশে ঢুকেছেন ডি জর্জি। বাভুমা না থাকায় এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
ডান কুঁচকির চোট কাটিয়ে একাদশে ফিরেছেন গতিময় পেসার আনরিখ নরকিয়া। তাকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন ডেন প্যাটারসন।
একাদশে নরকিয়ার সঙ্গী হিসেবে পেস বোলিং সামলাবেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার। আর একমাত্র স্পিনার হিসেবে একাদশে রাখা হয়েছে সাইমন হারমারকে।
দক্ষিণ আফ্রিকার একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়ে ও সাইমন হারমার।