
জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ রেখে একটি চুক্তি অনুমোদন করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং অন্যান্য দেশগুলো অস্বীকৃতি জানানোর ফলে ব্যর্থতার মুখে পড়েছে তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলন। সম্মেলনটি রেকর্ড অতিরিক্ত সময়ে গড়ানোর পরও কোনো সাফল্যের মুখ দেখা গেল না। তুরস্কের আনতালিয়া শহরে কপ-৩১-এর বিশৃঙ্খল সমাপ্তিতে নির্ধারিত সময়ের ৪৪ ঘণ্টা পর একগুচ্ছ দেশ মূল চুক্তিটি প্রত্যাখ্যান করে। খবর এএফপির।
আয়ারল্যান্ডের জলবায়ু মন্ত্রী ডারা ও'ব্রায়েন, যাঁর দেশ বর্তমানে পর্যায়ক্রমিকভাবে ইইউ-এর সভাপতিত্ব করছে, তিনি বলেন, ‘আমরা এমন কোনো মূল সিদ্ধান্ত (কভার ডিসিশন) অনুমোদন করব না... যেখানে জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানির কথা পর্যন্ত উল্লেখ নেই।’
কপ-৩১-এর সভাপতি মুরাত কুরুম স্বীকার করেছেন যে, চুক্তিটি ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সমাপনী অধিবেশনে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি যে, এই খসড়া পাঠের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। সে কারণে, এই সিদ্ধান্তগুলো গৃহীত হলো না।’
জলবায়ু আলোচনায় জীবাশ্ম জ্বালানি একটি অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত বিষয়; যা এমন এক কঠিন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো যখন মধ্যপ্রাচ্যকে অস্থির করে তোলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত ভাষার তীব্র বিরোধিতা করে আসছে।
প্রত্যাশা কম থাকায়, আলোচনার প্রধান সমন্বয়কারী অস্ট্রেলিয়া কপ-৩১-এ দেশগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তা তুলে ধরতে এবং ভবিষ্যতের জলবায়ু পদক্ষেপের দিকনির্দেশনা দিতে একটি সামগ্রিক কভার ডিসিশন বা মূল চুক্তির চেষ্টা করেছিল।
কিন্তু চূড়ান্ত প্রস্তাবে কয়লা, তেল এবং গ্যাসের কোনো উল্লেখ না থাকায় সম্মেলনটি চরম অস্থিরতার মধ্যে পড়ে এবং ইতিহাসের দীর্ঘতম জাতিসংঘ জলবায়ু সম্মেলনের রেকর্ড ভঙ্গ করে।
মার্শাল দ্বীপপুঞ্জের জলবায়ু দূত ক্যাথি জেটনিল-কিজিনার প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘জীবাশ্ম জ্বালানির স্বার্থরক্ষায় আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস করব না। আমাদের নিরাপত্তাকে ক্ষুণ্ন করে এবং ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে—এমন কোনো ফলাফল আমরা মেনে নেব না।’
জাতিসংঘের জলবায়ু আলোচনার কড়া সমালোচক পানামা, ভানুয়াতু এবং বেলিজও চুক্তিটি প্রত্যাখ্যান করেছে।
সম্মেলন কক্ষের বাইরে ডারা ও'ব্রায়েন বলেন, ‘সম্মেলনটি কয়েকটি তেল উৎপাদনকারী রাষ্ট্র দ্বারা ছিনতাই হয়ে গেছে।’
জাতিসংঘের জলবায়ু আলোচনায় সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যার অর্থ হলো অংশগ্রহণকারী প্রায় ২০০টি দেশের মধ্যে যেকোনো একটি দেশও কোনো চুক্তি আটকে দিতে পারে।
‘দূষণ চালিয়ে যাও
শনিবার আলোচনা বর্জনের হুমকির মুখে তুরস্ক ও অস্ট্রেলিয়া তড়িঘড়ি করে ইউরোপীয় ইউনিয়ন এবং সৌদি আরবের মধ্যে একটি বৈঠকের আয়োজন করলেও কোনো সমঝোতা অধরাই থেকে যায়।
সর্বশেষ খসড়া পাঠটিতে ২০২৩ সালের একটি পূর্ববর্তী বৈশ্বিক চুক্তির প্রতি পরোক্ষ ইঙ্গিত দেওয়া হয়েছিল, যেখানে বিশ্বকে জীবাশ্ম জ্বালানি থেকে সরিয়ে আনার কথা বলা হয়েছিল; তবে এতে সরাসরি জীবাশ্ম জ্বালানির নাম উল্লেখ করা হয়নি।
খসড়াটিতে কার্বন ক্যাপচার (কার্বন ধরে রাখা) প্রযুক্তি সম্প্রসারণের প্রচেষ্টা বজায় রাখারও প্রস্তাব করা হয়েছিল; এটি এমন একটি প্রযুক্তি যা জীবাশ্ম জ্বালানি শিল্প সমর্থন করলেও নিঃসরণ কমানোর ক্ষেত্রে ব্যয়বহুল ও অকার্যকর হিসেবে সমালোচিত।
বৃহত্তর আরব গোষ্ঠীর দেশগুলোর পক্ষে বক্তব্য রাখা সৌদি জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব বলেন, ‘আমরা বিশ্বাস করি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্ভাব্য সব সমাধানই আলোচনার টেবিলে থাকা প্রয়োজন এবং দেশগুলো তাদের নিজস্ব জাতীয় পরিস্থিতির ওপর নির্ভর করে এসব সমাধান বেছে নেবে।’
জলবায়ু আন্দোলনকারীরা দেশগুলোর প্রতি এই চুক্তি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছিলেন.
পরিবেশবাদী সংগঠন ৩৫০.অর্গ-এর সারা শ বলেন, ‘এই খসড়াটি কোনো জলবায়ু পরিকল্পনা নয়। এটি দূষণ চালিয়ে যাওয়ার একটি লাইসেন্স।’
ইউরোপ থেকে শুরু করে নেপাল ও ইন্দোনেশিয়া পর্যন্ত জলবায়ু-সংশ্লিষ্ট দুর্যোগের এক বছরে ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাস নিঃসরণ মোকাবিলায় অগ্রগতি দেখানোর চাপ ছিল এই সম্মেলনের ওপর।
জীবাশ্ম জ্বালানি নিয়ে তীব্র বিরোধিতার মুখে তুরস্ক এবং অস্ট্রেলিয়া তাপ-আটকানো গ্যাস নিঃসরণ কমাতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ‘বিদ্যুতায়নের’ পথ দেখিয়েছিল।
ডিজেলচালিত গাড়ি এবং গ্যাস হিটিংয়ের মতো সরাসরি জীবাশ্ম জ্বালানি পোড়ানো প্রযুক্তির পরিবর্তে বৈদ্যুতিক বিকল্প ব্যবহারের মাধ্যমে এটি কাজ করে।
‘গভীর হতাশা’
খসড়াটিতে ২০৩৫ সালের মধ্যে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করতে এবং পরিচ্ছন্ন জ্বালানি সম্প্রসারণে বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছিল।
তবে এতে সুস্পষ্টভাবে এটি বাধ্যতামূলক করা হয়নি যে, এই বিদ্যুতায়ন নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পরিচালিত হতে হবে। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎ কয়লা ব্যবহার করে এবং আরও এক-পঞ্চমাংশ জীবাশ্ম গ্যাস ব্যবহার করে উৎপাদিত হয়।
এদিকে, আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী প্রধান প্রতিবেদনগুলো প্রকাশে বিলম্ব ঘটানোর জন্য সৌদি আরব, ভারত ও কেনিয়ার প্রচেষ্টা আলোচনায় বিরোধের আরেকটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছিল।
খসড়া পাঠটিতে ২০২৮ সালে বৈশ্বিক কার্বন হ্রাসের প্রচেষ্টার আসন্ন মূল্যায়নের জন্য এই প্রতিবেদনগুলোর গুরুত্ব তুলে ধরা হয়েছে।
ইউরোপ, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েক ডজন দেশ চায়, জলবায়ু বিজ্ঞান বিষয়ক বৈশ্বিক কর্তৃপক্ষ আইপিসিসি-র এই মূল্যায়নগুলো যেন সেই গুরুত্বপূর্ণ মূল্যায়নের আগেই যথাসময়ে প্রকাশিত হয়।
প্যারিস জলবায়ু চুক্তির অধীনে নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সীমা অতিক্রম করার আসন্ন ঝুঁকি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েও কপ-৩১-এ দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
সর্বশেষ খসড়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করা হলেও, কিছু দেশ আক্ষেপ করেছে যে পাঠটিতে এর চেয়ে বেশি কিছু বলা হয়নি।
যুক্তরাজ্যের জলবায়ু আলোচক কেট হিউজ বলেন, ‘এই মূল সিদ্ধান্তের (কভার ডিসিশন) বিষয়বস্তু নিয়ে আমরা গভীরভাবে হতাশ। এটি বিজ্ঞানের দিক থেকে আমাদের পিছিয়ে দিচ্ছে... যেখানে জলবায়ু পদক্ষেপে সাহসী যৌথ উচ্চাকাঙ্ক্ষা তুলে ধরা উচিত ছিল, সেখানে এটি কেবল ন্যূনতম ঐকমত্যের একটি দুর্বল দলিলে পরিণত হয়েছে।’
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার ক্ষেত্রে ধনী দেশগুলো তাদের বাধ্যবাধকতা এড়িয়ে চলছে—এমন দীর্ঘদিনের অভিযোগের কারণেও আলোচনা স্থবির হয়ে পড়ে।
জলবায়ু অভিযোজনের (অ্যাডাপ্টেশন) জন্য ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা বাদ দেওয়ায় উন্নয়নশীল দেশগুলো ক্ষুব্ধ হয়েছে।
মার্শাল দ্বীপপুঞ্জের জেটনিল-কিজিনার বলেন, ‘আমাদের অর্থায়ন প্রয়োজন, অথচ আমাদের অংশীদাররা এই কপ সম্মেলনে খালি হাতে এসেছে। আমরা একা এটি করতে পারব না। ফাঁকা বুলির ওপর নির্ভর করে আমরা টিকে থাকতে পারব না।’