
এক দিনে দুই সেঞ্চুরি, দুই অর্ধশতক, সঙ্গে ৬৬১ রানের পাহাড়সম লিড। বড় লক্ষ্য ছুড়ে দিয়ে বোলিং করতে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নেওয়া। ঢাকা টেস্টের তৃতীয় দিনটা এমন স্বপ্নের মতোই কেটেছে স্বাগতিক বাংলাদেশের।
তৃতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে সফরকারী আফগানিস্তানের সংগ্রহ ৪৫ রান। জয়ের জন্য এখনও দুই দিনে ৮ উইকেট হাতে থাকা আফগানদের প্রয়োজন ৬১৭ রান। আলোক স্বল্পতার কারণে ১১ ওভার বাকি থাকতেই শেষ করা হয় দিনের খেলা।
টেস্ট যে আফগানিস্তানের হাতে নেই সেটি বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন বোধ হয় পড়বে না। কেননা শেরে বাংলার উইকেট বলছে আরও দুই দিন টাইগার বোলারদের মোকাবিলা করা অনেকটাই অসম্ভব। তার ওপর চতুর্থ দিনের শুরুটা হবে নতুন বল দিয়ে। আর সেই বলে টাইগার পেসাররা যে ঘাতক হয়ে উঠবেন সেটি অতি স্বাভাবিক। আর এটিই প্রধান দুশ্চিন্তার কারণ এখন আফগান ব্যাটারদের।
এখন জয়ের জন্য ভালো খেলার পাশাপাশি আফগানিস্তানকে তাকিয়ে থাকতে হবে আবহাওয়ার দিকে। কেননা ঢাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। চতুর্থ দিনের খেলা যেন বৃষ্টিতে ভেসে যায় সেই প্রার্থনাই করতে হবে আফগানদের।
রেকর্ড রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সফরকারীরা হোঁচট খায়। শরিফুল ইসলামের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে কিছু বুঝে ওঠার আগেই সাজঘরে ফেরেন ইবরাহিম জাদরান। উইকেট নিয়ে মাশরাফি বিন মোর্ত্তজার রেকর্ডে ভাগ বসান শরিফুল। এর আগে একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে ইনিংসের প্রথম বলে উইকেট পেয়েছিলেন ম্যাশ।
পরের ওভারেই তাসকিন আহমেদের আউট সুইঙ্গারে ধরাশায়ী হন আবদুল মালিক। আর তাতেই ৭ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে বসে আফগানিস্তান।
দ্রুত দুই উইকেট হারিয়ে বেশ সতর্ক হয়ে ওঠে আফগানিস্তান। তাসকিন-শরিফুলদের বেশ দেখেশুনে খেলতে থাকেন রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদি। কিন্তু এই জুটি বেশিক্ষণ টেকেনি।
তাসকিনের বাউন্সার বুকে আঘাত লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় শাহিদিকে। মাঠ ছাড়ার আগে তিনি করেন ১৪ বলে ১৩ রান।
এরপর দিনের বাকিটা সময় আর কোন অঘটন ঘটতে দেননি রহমত শাহ ও নাসির জামাল। উইকেট কামড়ে ধরে খেলে ৪৫ রান তুলে দিন শেষ করেন এই দুই ব্যাটার। রহমত অপরাজিত থাকেন ১০ রানে আর নাসির করেন পাঁচ রান।
এর আগে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দুর্দান্ত দুই সেঞ্চুরি আর জাকির হাসান ও লিটন দাসের দুই অর্ধশতকে ভর করে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আর সেই সুবাদে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৬২ রানের। তথ্য সূত্র আরটিভি নিউজ।