
A Krishna Chura sapling is being planted on a Kuakata Road on Thursday 13 Aug 2026.
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, পর্যটকসেবার মানোন্নয়ন, সৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণসহ পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার লক্ষ্যে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান পটুয়াখালী জেলা প্রশাসক ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কুয়াকাটা পর্যটন হলিডে কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিঁনি এ আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ এবং ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল হোসেন।
সভায় কুয়াকাটা সৈকতের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মান বৃদ্ধি, সৈকত ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারসহ পর্যটনসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
এর আগে কুয়াকাটার সৌন্দর্য্য বর্ধন ও জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে কয়েকটি উদ্যোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক। কুয়াকাটার বিভিন্ন সড়কে কৃষ্ণচূড়া ও সোনালু গাছ রোপণ, পর্যটক ও স্থানীয়দের জ্ঞানার্জনের জন্য একটি ব্যতিক্রমী লাইব্রেরি, ডিসি লেকের সৌন্দর্য্য বর্ধন এবং পচনশীল বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের শেড উদ্বোধন করা হয়। - গোফরান পলাশ