News update
  • Soldiers Guard Milan as Thousands Protest Across Europe     |     
  • Cheese Industry Thrives In Thakurgaon Villages      |     
  • Guterres alarmed at Israel’s sweeping closures after deadly Hebron attack     |     
  • Bangladesh to Introduce New Law to Curb Extortion, IGP Says     |     
  • UN Marks 81 Years of Global Cooperation and Peace     |     

ফিজিক্স টেস্ট সম্পন্ন, রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2026-10-25, 9:10am

ruuppur_bidyukendr_chbi-1-fc4e2efb1edf052bf71cda6742cae6a31792897857.jpg




পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে ইউনিটটি।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল রোববার (২৫ অক্টোবর) থেকে পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ কার্যক্রম শুরু সম্পূর্ণভাবে নির্ভর করছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। শনিবার (২৪ অক্টোবর) সকালে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ড. জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটের বি-২ ধাপের সব পরীক্ষা ও প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এ পর্যায়ের ফিজিক্স টেস্ট সম্পন্ন হওয়ার পর পরীক্ষার প্রতিবেদনও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে পরবর্তী ধাপে প্রবেশ করে পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

ড. জাহেদুল হাসান আরও বলেন, প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পরবর্তী পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করা এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার ভিত্তিতে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। সেই লক্ষ্য সামনে রেখে চলতি বছরের শেষ দিকে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করা হচ্ছে। তবে এ সময়সীমা নির্ভর করবে পরীক্ষার প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন হওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের ওপর।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক অগ্রগতি পর্যালোচনায় বাংলাদেশ সফর করেছে রাশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরকালে প্রতিনিধি দলটি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করে। শুক্রবার রাশিয়া দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের প্রথম উপমহাপরিচালক এবং অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে প্রতিনিধিদলটি মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশ সফর করে। এ সময় রূপপুর প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয় তারা। বৈঠকে প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায়সহ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

প্রথম ইউনিটের ফিজিক্স টেস্ট সম্পন্ন হওয়াকে প্রকল্পের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে পরীক্ষার এই ধাপ শেষ হওয়া মানেই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু নয়। পাওয়ার স্টার্টআপ, পর্যায়ক্রমিক পরীক্ষা এবং নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণ করে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথ উন্মুক্ত হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নতুন সক্ষমতা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও পরবর্তী পরীক্ষার সফল সমাপ্তির দিকেই তাকিয়ে রয়েছে প্রকল্পসংশ্লিষ্টরা।