News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

সরকারের ব্যর্থতায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে : মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-03-05, 6:25pm

resize-350x230x0x0-image-214616-1678012604-ae41df58ae2b71c9cc23b88987a4a2521678019137.jpg




সরকারের ব্যর্থতায় ঢাকা ও চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ মার্চ) দুপুরে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকে পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গতকাল সীতাকুণ্ডে এবং আজকে ঢাকায় বিস্ফোরণ হয়েছে। আমাদের প্রশ্ন হলো, এই বিস্ফোরণগুলো কেন ঘটছে? সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যাদের এসব বিষয়ে মনিটরিং করার কথা, তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। যদি সেটা করতো তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। সরকারের ব্যর্থতার কারণে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে।

বিএনপি মহাসচিব বলেন, পঞ্চগড়ে গতকাল চরম একটি সাম্প্রদায়িক ঘটনা ঘটানো হয়েছে। দুইজন নিহত হয়েছেন, দোকান-পাটসহ বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের প্রশ্ন, এই ধরনের একটা বিতর্কিত বিষয় নিয়ে সরকার চুপ করে থাকল কেন? সেখানে সমাবেশ করার অনুমতিই বা দেওয়া হলো কেন বা পরবর্তীতে যখন আক্রমণ হয়েছে, তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখল কেন? সেটাকে তারা প্রতিহত করতে সক্ষম হলো না কেন? কারণ, এই সাম্প্রদায়িক সমস্যা ও বিভেদ সরকার সৃষ্টি করছে।

তিনি বলেন, এসব ঘটনার সম্পূর্ণ দায় সরকারের। তাদেরকেই জবাবদিহি করতে হবে এবং দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

এদিন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। এতে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশীদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, নুরে আলম ও শাহজালাল মোল্লা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।