News update
  • Sajek Road Blockade: 2,933 Tourists Evacuated Amid Gunfire     |     
  • Climate Crisis May Displace 7.5% of Bangladeshis by 2050     |     
  • NEIR Rollout Targets Tk 2,000cr Revenue Loss From Illegal Phones     |     
  • Dhaka Ranks 7th Among World’s Most Polluted Cities on Thursday      |     
  • Document: Two Bangladeshis Executed After Detention in 2023     |     

এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেল পেতে দেরি হতে পারে: মাউশি ডিজি

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2026-10-22, 3:07pm

img_20261022_150627-77fe87246f7fa18c22e4ae51a9dce4401792660020.jpg




বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। তবে তাদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করতে আরও কিছুটা সময় লাগতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমকে তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। তাদের দ্রুত নতুন বেতন কাঠামোর আওতায় আনতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। তবে এ ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে।

মাউশির মহাপরিচালক বলেন, আমরা চাই, শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পান। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে। হয়তো কিছুটা দেরি হবে। তবে শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন, এটা নিশ্চিত।

সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে সরকারি চাকরিজীবীরা তিন মাসের বকেয়া বেতন পেতে পারেন। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামো কার্যকরের নির্দিষ্ট সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আদেশ জারি করা হবে। তবে এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো দিন-তারিখ জানানো হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে মাউশির অধীন প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত।

নতুন পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া ভাতার পরিমাণ বাড়বে। বর্তমানে তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাচ্ছেন। নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি হলে তাদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হবে।

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঠিক কবে থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা জানতে অর্থ মন্ত্রণালয়ের পরবর্তী আদেশের অপেক্ষায় থাকতে হবে।