News update
  • New BSEC chairman commits to IPO reform, digitalisation     |     
  • Depositors Forum gives Islami Bank chairman 24 hours to step down     |     
  • Dengue becomes another health emergency amid measles crisis     |     
  • Earthquake with epicentre in Bhutan jolts Bangladesh     |     
  • Revenue Gap, Banking Crisis Threaten FY27 Budget: Experts     |     

চিত্রা নদীতে এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2022-10-22, 7:00pm




বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের চিত্রানদীতে আজ ঐতিহ্যবাহী এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল তিনটায় নড়াইল পুরাতন ফেরিঘাটের শেখ রাসেল সেতুর সামনে এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো: জিল্লুর রহমান চৌধুরী। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো: হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু,অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান ও সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু ।  

জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

চিত্রা নদীর পুরাতন ফেরিঘাট থেকে এসএম সুলতান সেতু (চিত্রা ব্রীজ) পর্যন্ত ৩ কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতায় নারীদের তিনটি ও খুলনা, মাগুরা, গোপালগঞ্জ,রাজবাড়ী, নড়াইল জেলাসহ  আশপাশের জেলার পুরুষদের ১৫টি নৌকা অংশগ্রহণ করে।

চিত্রা নদীর দু’ধারে অবস্থিত বিভিন্ন বাসা-বাড়ির ছাদে এবং গাছের ডালে বসে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু আকর্ষনীয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। 

নৌকা বাইচ চলাকালে শহরে মানুষের ভিড়ে  তিল ধারণের ঠাঁই ছিল না কোথাও।জেলার পাশ্ববর্তী গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, যশোর, খুলনা এবং নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার সুলতান ভক্তরা প্রতিবছরের ন্যায় এবারও নৌকাবাইচ দেখতে আসেন। ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা হেইয়্যা হর্ষধ্বনির মধ্য দিয়ে নড়াইলের চিত্রানদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন দর্শকরা।

নড়াইলের নারী নেত্রী গুলশান আরা জানান, ’সুলতান উৎসব ও নৌকা বাইচ’ আমাদের বাৎসরিক একটা আনন্দ উৎসব।সারাবছর ধরে আমরা অপেক্ষায় থাকি এ উৎসবের জন্য।

উৎসব উপলক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরাও ব্যস্ততম দিন কাটান।নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। 

এছাড়া গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত তিনদিন ব্যাপী সুলতান উৎসব উপলক্ষে সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ উপলক্ষে নড়াইল সুলতান মঞ্চ চত্বরে  বসেছে গ্রামীণ কুটির শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় ১শ’টি ষ্টল। শেষদিনে এসব ষ্টলে ক্রেতা-বিক্রেতাদের ভীড় ছিল লক্ষ্যণীয় । তথ্য সূত্র বাসস।