News update
  • Govt Steps Up Efforts to Modernise Shipping Sector     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     
  • PM to Present Bangladesh Vision at UNGA: Mahdi     |     

রিমালের প্রভাব কাটিয়ে সচল চট্টগ্রাম বন্দর

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-05-29, 11:09am

ctg-port-bss-069d8f644f084776682c9d421eee22931716959343.jpg




ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম দুদিন বন্ধ ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় আবারও সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়তে শুরু করেছে। শুরু হয়েছে জাহাজে পণ্য ওঠানামা। 

মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টা থেকে জেটিতে জাহাজ ভিড়ার পর পণ্য ওঠানামার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।

সচিব জানান, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কাটলেও সাগর এখনও উত্তাল। তাই গত (সোমবার) জাহাজ ভেড়ানো যায়নি। মঙ্গলবার সকালে ১৯টি জাহাজের মধ্যে ১১টি জাহাজ বন্দরের জেটিতে ভিড়েছে। পণ্য ওঠানামার কাজ শুরু হয়েছে। বাকি আটটি জাহাজ বহির্নোঙর থেকে রওনা দিয়েছে।

পণ্য খালাস বন্ধ করে গভীর সাগরে ফেরত পাঠানো ৪৯টি খোলা পণ্যবাহী জাহাজও বহির্নোঙরে ফিরতে শুরু করেছে বলে জানান এ কর্মকর্তা।

সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কমে আসায় চট্টগ্রাম বন্দরে জাহাজ ফেরত আনার উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। কিন্তু বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় পাইলটরা গিয়েও বহির্নোঙর থেকে জাহাজ আনতে পারেননি। জাহাজ আসতে না পারলেও দুপুরে ইয়ার্ডে অপারেশন আংশিকভাবে শুরু হয়েছিল।

এর আগে শনিবার (২৫ মে) রাতে আবহাওয়া অধিদপ্তর ৬ নম্বর বিপদসংকেত জারির পর নিজস্ব ‘অ্যালার্ট-থ্রি’ অর্থাৎ বিপদ সংকেত জারি করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপর নয় নম্বর মহাবিপদ সংকেত জারির পর বন্দর তাদের নিজস্ব ‘অ্যালার্ট-ফোর’ জারি করে। বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানো-নামানো এবং মূল জেটিতে পণ্য ও কনটেইনার হ্যান্ডেলিং বন্ধ ঘোষণা করা হয়েছিল। এনটিভি নিউজ।