News update
  • Mayoral candidates' Eid greetings to Kalapara residents on social media      |     
  • Dhaka moves for new $4-4.5 bn IMF programs, drops current one     |     
  • Up to 13 million set to leave Dhaka for Eid despite rainy weather     |     
  • ATM Cash Shortage Hits Dhaka Customers During Eid Break     |     
  • Measles Claims 17 More Lives in 24 Hours     |     

ঈদের আগে একদিনে ৬ জেলায় সড়কে ঝরল ২৫ প্রাণ

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-05-26, 8:20am

6cfad51f79fea5e2be50c015af54849ed4c5e87719a903ee-b4eed985bd55c71e7f84be17ab5e40131779762026.jpg




ঈদুল আজহার আগে দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। সোমবার (২৫ মে) ভোর থেকে থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহতও হয়েছেন।

নিহতদের মধ্যে টাঙ্গাইল জেলায় ১৫ জন রয়েছেন। এছাড়া বগুড়ায় চারজন, কিশোরগঞ্জে তিনজন এবং গোপালগঞ্জ, চাঁদপুর ও ঝালকাঠিতে একজন করে তিনজনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। এছাড়া এ ঘটনায় আহত হন অন্তত আরও ১০ জন।

ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সারতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৩ জনেরই বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। মূলত কম খরচে বাড়ি ফেরার তাড়না আর পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার স্বপ্নই কাল হয়েছে এই খেটে খাওয়া মানুষগুলোর জন্য।

বগুড়া

এই জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার শাজাহানপুর উপজেলায় দুজন এবং কাহালু উপজেলায় দুজন মারা গেছেন।

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাতপরিচয় যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হন। এ সময় আয়েশা বেগম নামে অপর এক আরোহী আহত হন। ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনিছুর রহমান এবং তার দুই বছরের কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে কাহালু উপজেলায় কাজিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানযাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। তারা হলেন- জেমি আকতার ও তার মেয়ে তনু আকতার (২০)।

বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ভ্যানচালকও।

পুলিশ জানায়, জেমি আকতার তার মেয়ে তনুকে নিয়ে ভ্যানে কাজিপাড়া থেকে বিবিরপুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একই পরিবারের তিনজন নিহত হন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদের সড়কের মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের শিশু সন্তান আয়ান (৬)।

পুলিশ জানায়, মোটরসাইকেলে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান বাড়িতে ফিরছিলেন। মিঠামইন উপজেলার ভাতশালা সেতুসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদরে প্রাইভেটকার-মাইক্রোর সঙ্গে সংঘর্ষে বাস ছিটকে গভীর খাদে পড়ে এক চালক নিহত হন। এ সময় আহত হন অন্তত ৫০ বাসযাত্রী।

দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় জানা যায়নি।

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় মো. সিহাব উদ্দীন নামে ব্র্যাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্র্যাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠছিল। এ সময় মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন সিহাব উদ্দীন। ভেকু মেশিনের সামনের হাতা ঘুরে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।