News update
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     
  • Battery-powered rickshaws to be banned on Dhaka’s main roads     |     
  • Malaysia to Recruit 200,000 Bangladeshi Workers by End-Sept     |     
  • Lionel Messi scores 4 goals, helps Inter Miami to 7-1 win over Montreal     |     
  • China sends tunnel experts for rescue operations in Nepal     |     

বেলজিয়ামকে বিদায় করে শেষ চারে স্পেন, সেমিফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-11, 6:29am

img_20260711_062713-fc5272f08b29560f6404508ec43802681783729790.jpg




বেলজিয়ামকে হারিয়ে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে স্পেন। এবারও স্পেনের জয়ের নায়ক মিকেল মেরিনো। ম্যাচের শেষ মুহূর্তে তাঁর করা গোলেই সেমিফাইনাল নিশ্চিত করেছে লা রোহা। অন্যদিকে, থিবো কোর্তোয়ার চোট বেলজিয়ামের জন্য বড় ধাক্কা হয়ে আসে। তারকা গোলরক্ষক মাঠ ছাড়ার পরই গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নেয় রেড ডেভিলস। এবারের আসরে প্রথমবার গোল হজম করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

লস অ্যাঞ্জেলেসে স্প্যানিশ সমর্থকদের উৎসব যেন আরও রঙিন হয়ে উঠল। বিশ্বকাপ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার আনন্দে উচ্ছ্বসিত লা রোহার সমর্থকরা। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ মানেই গ্যালারিতে তারকাদের উপস্থিতি। ৭০ হাজারের বেশি দর্শকের ভিড়ে ক্যামেরায় ধরা পড়েন ব্র্যাড পিট, পেনেলোপে ক্রুজসহ অনেক তারকা। তবে দিনের আসল নায়ক ছিলেন মিকেল মেরিনো। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করার পর এবার শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ শেষ করে দিলেন বেলজিয়ামেরও।

পুরো ম্যাচজুড়েই আক্রমণে আধিপত্য ছিল স্পেনের। বেলজিয়ামের ৫টি শটের বিপরীতে তারা নেয় ১৮টি শট, যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্যে। ম্যাচের ৩০ মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়েও যায় স্পেন।

তবে প্রথমার্ধে সহজে হার মানেনি বেলজিয়াম। ৪১ মিনিটে টিমোথি কাস্তানিয়ের ক্রস থেকে চার্লস ডি কেটেলারের হেডে সমতায় ফেরে রেড ডেভিলস। এবারের বিশ্বকাপে এটিই ছিল স্পেনের হজম করা প্রথম গোল।

দ্বিতীয়ার্ধেও স্পেনের আক্রমণের চাপ অব্যাহত থাকে। লামিন ইয়ামাল, দানি ওলমো ও মিকেল ওইয়ারসাবালদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে যাচ্ছিলেন থিবো কোর্তোয়া। কিন্তু ৭১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার বদলে নামেন সেনে লামেন্স। এরপর থেকেই অনেকটা রক্ষণাত্মক হয়ে পড়ে বেলজিয়াম।

দুই দলের দুটি পরিবর্তনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। একদিকে কোর্তোয়ার মাঠ ছাড়ার ধাক্কা, অন্যদিকে ৮৬ মিনিটে মিকেল মেরিনোর মাঠে নামা। বদলি হিসেবে নেমে মাত্র দুই মিনিটের মধ্যেই গোল করে স্পেনকে এগিয়ে দেন তিনি। কুবারসির শট লামেন্সের হাত থেকে ফসকে গেলে ফিরতি বলে জাল খুঁজে নেন মেরিনো। বেঞ্চে বসে অসহায়ভাবে তা দেখা ছাড়া কিছুই করার ছিল না কোর্তোয়ার। আর বিশ্বকাপে নিজেকে প্রমাণের সুযোগ হাতছাড়া করার হতাশায় ডুবে যান বদলি গোলরক্ষক লামেন্স।

শেষ পর্যন্ত আর কোনো নাটকীয়তা হয়নি। ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে উঠে যায় স্পেন। সেখানে লামিন ইয়ামালদের সামনে অপেক্ষা করছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। আর এই হারেই হয়তো বিশ্বকাপের মঞ্চে শেষ হলো কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুদের বেলজিয়ামের 'গোল্ডেন জেনারেশন'-এর যাত্রা।