News update
  • PM inaugurates Tk 1,542 cr Muhuri-Kohua flood control project in Feni     |     
  • Who gets to shape AI? UN debate centres on power, trust and inclusion     |     
  • PM Tarique Rahman likely to visit Japan later this month     |     
  • PM Tarique Heads to Feni for Daylong Programmes     |     
  • Long-term support for Manta gypsy fishing community urged     |     

আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা জানালেন মেসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-09-26, 5:52pm




দুয়ারে কড়া নাড়ছে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ। বিশ্বের অন্যতম সেরা এই প্রতিযোগিতা নিয়ে ইতোমধ্যে প্রতিটি দলই নিজেদের পরিকল্পনা গুছিয়ে নিচ্ছে। আসন্ন বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনাও বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে বেশ ভালোভাবেই এগোচ্ছে।

বিশ্বমঞ্চে যাওয়ার আগে ইতোমধ্যে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে দলটির পরিকল্পনা কী? এই বিষয়ে নিজের ধারণা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক এবং বিশ্বের সেরা তারকা লিওনেল মেসি।

বুলগেরিয়ান কিংবদন্তি রিস্টো স্টয়কভের সঙ্গে আলোচনার সময় মেসি জানিয়েছেন, বিশ্বমঞ্চে শিরোপা জেতার পথে খুব ছোট ভুলও বাধা হয়ে দাঁড়ায় অনেক সময়। তাই আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জয় নিয়েই এগোতে চায় তারা। তাহলে দল এগিয়ে থাকার পাশাপাশি ফুটবলাররাও মানসিকভাবে স্থির থাকতে পারে।

আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে মেসি বলেন, আমাদের লক্ষ্য হলো বিশ্বকাপে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করা। আমরা জানি বিশ্বকাপ খুবই কঠিন। যেখানে ছোট ভুল আপনার কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিতে পারে।

বিশ্বকাপে গ্রুপপর্ব সব সময় কঠিন হয়। গত বিশ্বকাপেও অনেক কথা হয়েছে যে আমরা খুব সহজ গ্রুপ পেয়েছি এবং খেলা শুরুর আগেই পরের রাউন্ড নিয়ে কথা হচ্ছিল। কিন্তু দিন শেষে গ্রুপের ফল আমরা যেমন চেয়েছি তেমন হয়নি।

আমরা প্রথম ম্যাচ ড্র করি, ক্রোয়েশিয়ার কাছে হেরে যাই এবং দ্বিতীয় রাউন্ডে যেতে বেগ পেতে হয়। এবার আমাদের খুব কঠিন গ্রুপ পড়েছে। আমরা এ বিষয়ে সচেতন। তাই প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ। কারণ, এতে তিন পয়েন্টের পাশাপাশি মানসিক স্থিরতাও আসে।

এরপর আমরা মেক্সিকোর মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলব। যারা খুব ভালো খেলে এবং বল ছিনিয়ে নেওয়ার চেষ্টায় থাকে। আমরা বিশ্বকাপে অনেকবার মুখোমুখি হয়েছি এবং তাদের খেলার ধরন সম্পর্কে জানি। আমরা তাই ম্যাচ বাই ম্যাচ এগোবো। বিশেষ করে প্রথম ম্যাচের দিকেই তাকিয়ে আছি।

৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে শিরোপা জেতার পথে যেকোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে প্রস্তুত আর্জেন্টিনা; এমনটা জানিয়ে মেসি আরও যোগ করেন, ‘এই আর্জেন্টিনা যে কাউকে মোকাবিলা করতে প্রস্তুত। প্রতি ম্যাচে কী করতে হবে সেটি আমাদের কাছে পরিষ্কার। প্রতিপক্ষ যারাই হোক না কেন, আমাদের কোচিং স্টাফ প্রতিটি ম্যাচকে সামনে রেখে সবাইকে দারুণভাবে প্রস্তুত করে। সামনে যারাই হোক না কেন, আমরা একইভাবে এগিয়ে যাই। তথ্য সূত্র আরটিভি নিউজ।