ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিতে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথম দিনের প্রথম সকালে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লাঞ্চের আগে ৪ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। তবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুমিনুল হকের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ লাঞ্চের আগে ২৮ ওভার ব্যাটিং করে ওই ২ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে।
মিরপুরে এদিন সকাল থেকে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিচ্ছে বোলাররা। খেলা শুরু হওয়ার দ্বিতীয় ওভারের মাথায় তো ক্যাচও তুলে দিয়েছিলেন বাংলাদেশের ওপেনার জাকির হাসান। তবে উমেশ যাদবের বলে তুলে দেওয়া সেই ক্যাচ তালুবন্দী করতে পারেননি মোহাম্মদ সিরাজ। তবে ক্যাচ না নিতে পারলেও উমেশের সঙ্গে মিলে সিরাজ টাইগার ব্যাটসম্যানদের বেশ চাপেই রেখেছিলেন।
পরবর্তীতে এই দুইজনের সঙ্গে যুক্ত হন আরেক পেসার জয়দেব উনাদকাতও। টেস্ট অভিষেকের ১২ বছর পর আবারও এই ফরম্যাটের ক্রিকেটে মাঠে নামার সুযোগ পান এই বাঁহাতি ভারতীয় পেসার। আর মাঠে নেমেই টেস্টের প্রথম উইকেটও শিকার করেন অভিষেকের ১২ বছর পরে।
মাঠ থেকে বাড়তি বাউন্স আদায় করে উইকেট তুলে নেন উনাদকাত। ১৫ রান করা জাকির হাসান ফেরেন ক্যাচ দিয়ে। নিজের ওপেনিং পার্টনারকে হারানোর ৪ বলের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন নাজমুল হোসেন শান্তও।
সকাল থেকে দারুণ খেলতে থাকা শান্ত অশ্বিনের বলে এলবির ফাঁদে পড়ে ২৪ রান করে থামতে বাধ্য হন। ৪ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া টাইগারদের আবার স্থিরতা এনে দেন দুই অধিনায়ক মুমিনুল এবং সাকিব।
এরমধ্যে মাঠে নেমে প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হওয়ার ইঙ্গিত দেন সাকিব। অশ্বিনকে একই ওভারে ১টি করে চার ও ছয়ও হাঁকান টাইগারদের টেস্ট দলপতি। অন্যপ্রান্তে মুমিনুলও দারুণ আস্থার প্রতিদান দিতে থাকেন।
দুইজনে শেষ পর্যন্ত ১২ ওভার ৪ বল ব্যাটিং করে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। মুমিনুল ২৩ এবং সাকিব ১৬ রানে অপরাজিত আছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।