News update
  • World Bank to Provide $150.75m for Bangladesh RAISE Project     |     
  • Press Secretary Alleges Indian Media, AL Spread Disinformation     |     
  • Hasina Gets 10 Years in Purbachal Plot Corruption Cases     |     
  • NASA Finds Ammonia Compounds on Jupiter Moon Europa     |     
  • Remittance Inflow Surges 45% to $3.17bn in January     |     

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-02-03, 8:05am

a21dbccf1a5b79ea9706ece71515bba1e70798115a9f7647-984b93bcf900c8299f1a35bf0c8dd4311770084345.jpg




কোপা আমেরিকা ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল সাম্প্রতিককালে ভুগছে সাফল্যখরায়। কোপা আমেরিকা ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেখানে শেষ হাসি হেসেছে ব্রাজিল।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে প্যারাগুয়ের লুক শহরে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটসালের শিরোপা জিতেছে ব্রাজিল।

প্যারাগুয়ে অলিম্পিক কমিটির (সিওপি) অস্কার হ্যারিসন স্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছে রোমাঞ্চকর এই ফাইনাল। টান টান প্রতিদ্বন্দ্বিতায় ঠাঁসা ম্যাচের শুরুর দিকে আক্রমণাত্মক ব্রাজিল আধিপত্য বিস্তার করলেও লড়াকু আর্জেন্টিনা শেষ দিকে সমতাসূচক গোল করে শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছিল।

রাশিয়ার ক্লাব ক্রাসনোদারের খেলোয়াড় জোয়াও ভিক্টর ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দুই আর্জেন্টাইন খেলোয়াড়কে কাটিয়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। ওই সময়ে আলবিসেলেস্তেরা প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গিয়ে একের পর এক ফাউল করতে বাধ্য হয়।

ব্রাজিলের গোলরক্ষক মাতেউস আর্জেন্টাইনদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি মাতিয়াস রোসা ও কেভিন আরিয়েতার নেওয়া একাধিক নিশ্চিত শট রুখে দিয়ে দলকে বিপদ থেকে বাঁচান।

চাপ ধরে রেখে ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে আর্জেন্টিনা ফল পায়। রোসার গোলে সমতা আসে, মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে।

তবে আর্জেন্টিনার উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিটের মধ্যেই বার্সেলোনার খেলোয়াড় দিয়েগো হেনরিক গোল করে ব্রাজিলকে ২–১ ব্যবধানে জয় এনে দেন।

টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে আরেকটি ফাইনাল জিতে রেকর্ড দ্বাদশ শিরোপা নিশ্চিত করল। আর্জেন্টিনা এখন পর্যন্ত তিনবার এই প্রতিযোগিতার ট্রফি জিতেছে । কোপা আমেরিকার ১৫তম আসরে তৃতীয় স্থান অর্জন করেছে পেরু।