
কুড়িগ্রাম সদর উপজেলায় সাজেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীকে একটি বিশাল তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এই অদ্ভুত ঘটনাটি ঘটে। সাজেদা বেগম ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল থেকে সাজেদা বেগমকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান তারা। এসময় তাকে ওই উঁচুতে কখনও বসে আবার কখনও শুয়ে থাকতে দেখা যায়। গাছের ওপরে এমন দৃশ্য দেখে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (অ.দা) এনামুল হক জানান, তারা যখন পৌঁছান তখন বৃদ্ধাটি অনেক উঁচুতে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় সেখানে থাকার পর হঠাৎ তিনি গাছ থেকে পাশের একটি পুকুরে লাফিয়ে পড়েন। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তৎপর হয়ে পুকুর থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।