News update
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     
  • Remittance inflow rises 13.1pc in March-Aug     |     
  • Bangladesh Has No Scope to Join BRICS Summit: Kabir     |     
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     

‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দায় নিতে হবে সরকারকে’

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-10-21, 2:26pm




খুলনায় সমাবেশকে কেন্দ্র করে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, তার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খুলনার পথে পথে আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র যে বাসায় অবস্থান করছেন, সেখানে ২৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, আমরা খবর নিয়েছি—খুলনায় সমাবেশে অংশগ্রহণ করতে আসা লোকদেরকে পথে দেখামাত্র গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছে সরকার। গতকাল আওয়ামী লীগের নেতাকর্মীরা রামদা, লাঠিসোঁটা নিয়ে শোডাউন করেছে। তারা সন্ত্রাসের চেষ্টা করছে।

সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই আমাদের সভা-সমাবেশ করতে দিতে চায় না বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

বিএনপি মহাসচিব বলেন, গণপরিবহন বন্ধ করে দিয়ে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে সরকার। তারা পরিকল্পিতভাবে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় সমাবেশ করার কথা রয়েছে বিএনপির। তথ্য সূত্র আরটিভি নিউজ।