
গত বছরের এই দিনে লাখো ভক্তকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে আজও সমান জনপ্রিয় তার গান। প্রয়াণের এক বছর পূর্তিতে নতুন একটি গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে এলেন এই শিল্পী। জুবিনের কণ্ঠে প্রকাশিত হয়েছে গান ‘ফেলে আসা’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের গায়িকা রত্না সাহা।
দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর জুবিনের প্রয়াণ দিবসেই গানটি প্রকাশ করেছেন রত্না। গানটির কথা লিখেছেন কলকাতার গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আসামের সংগীত পরিচালক রিজওয়ান ইয়াসিন। সংগীতায়োজন করেছেন শুভায়ু ভট্টাচার্য।
গানটির ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়। চিত্রগ্রহণে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। এতে অভিনয় করেছেন তারেক জামান তানজ ও ফাইজা ইসলাম। শিশুশিল্পী হিসেবে রয়েছে রুদ্রনীল দত্ত, তূর্যনিনাদ দত্ত ও শ্রেষ্ঠা তুলসিয়ান।
প্রিয় চট্টোপাধ্যায়ের মাধ্যমে জুবিনের সঙ্গে গান গাওয়ার সুযোগ পান রত্না সাহা। জুবিনের গান শুনে বেড়ে ওঠা এই গায়িকার কাছে প্রিয় শিল্পীর সঙ্গে গান করা ছিল দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হলেও গানটি প্রকাশের আগেই পৃথিবী ছেড়ে যান জুবিন।
রত্না বলেন, “আমি অনেক সৌভাগ্যবান যে এত বড় একজন শিল্পীর সঙ্গে গান গাইতে পেরেছি। আমি জুবিন গার্গ দাদার গান শুনে বড় হয়েছি। স্বপ্ন ছিল তার সঙ্গে একটি গান গাইবো। সেটা করতে পেরে অনেক খুশি। তবে তিনি বেঁচে থাকলে হয়তো এই সময় তার অনুভূতি জানতে পারতাম। সেটা আমার জন্য একটা বড় আক্ষেপ। তারপরও তিনি আমার জন্য যে উপহার রেখে গেছেন, এটাই আমার সংগীতজীবনের অনেক বড় পাওয়া।”
ফরিদপুরে জন্ম নেওয়া রত্নার সংগীতে হাতেখড়ি ছোটবেলাতেই। মায়ের কাছ থেকেই সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় তার। ২০২৪ সালে ‘এ কেমন মায়া’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একক ও দ্বৈত মিলিয়ে প্রকাশ হয়েছে তার ৫৬টি মৌলিক গান। আকাশ সেন, কাজী শুভ ও মাহতিম শাকিবের সঙ্গেও গান করেছেন তিনি।
রত্নার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘ফেলে আসা’।