News update
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     
  • Dhaka, Riyadh ties continue to develop across numerous fields: Envoy     |     
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     

পাকিস্তানে পৌঁছালেন মুশফিক-মুমিনুলরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-08-10, 7:02pm




টেস্ট এবং ওডিআই খেলতে গত ৬ আগষ্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে দেশের সার্বিক পরিস্থিতি কারণে দুদিনের জন্য সফরটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ৯ আগষ্ট পাকিস্তানের বিমান ধরে ১০ আগষ্ট ভোরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছায় বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মুমিনুল হক-মুশফিকুর রহিমদেরকে ফুল দিয়ে বরণ করেছে। সেই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচিও প্রকাশ করেছে তারা।

আগামী ১৩-১৬ আগষ্ট মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। এর আগে অবশ্য ১১ এবং ১২ আগষ্ট অনুশীলন করবে ক্রিকেটাররা। ‘এ’ দলে ম্যাচে খেলবেন জাতীয় দলের মুমিনুল, মুশফিক, নাঈম হাসানের মতো ক্রিকেটাররা। চারদিনের ক্রিকেটে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। সেই ম্যাচ শেষে জাতীয় দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। এরপর ১৮ ও ১৯ আগষ্ট অনুশীলন করে ২০-২৩ আগষ্ট দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ক্রিকেটাররা।

টেস্ট সিরিজ শেষে আগামী ২৬, ২৮ এবং ৩০ আগষ্টে ইসলামাবাদে হবে একদিনের সিরিজটি। ম্যাচগুলোতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে থাকবেন তাওহীদ হৃদয়।

এদিকে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১ থেকে ২৫ আগস্ট দু’দেশের প্রথম টেস্ট শুরু হবে। ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো এবং দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ইংল্যান্ডের মাইকেল গফ তৃতীয় আম্পায়ার ও পাকিস্তানের রশিদ রিয়াজ এই ম্যাচের চতুর্থ আম্পায়ার।

দ্বিতীয় টেস্টটি আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচে মাইকেল গফ এবং অ্যাড্রিয়ান হোল্ডস্টক ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন। রিচার্ড কেটলবরো তৃতীয় আম্পায়ার ও পাকিস্তানের আসিফ ইয়াকুব চতুর্থ আম্পায়ার হিসেবে তালিকায় রয়েছেন।

এছাড়া দুই টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন আইসিসি এলিট প্যানেলের বিশিষ্ট সদস্য শ্রীলংকার ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

এরই মধ্যে এই সিরিজের জন্য পুরোদমে অনুশীলন শুরু করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ আগস্ট বাংলাদেশ দল পাকিস্তানে যাবে। অন্যদিকে পিসিবি বোর্ড জানিয়েছে, তারা চাইলে আগেও যেতে পারবে। আরটিভি।